Sunday, 2 February 2014

জঞ্জাল




জঞ্জালগুলো জমতে জমতে গড়ে উঠছে পাহাড় ,
মনের ভিতর ,কেউ জানেনা এই জমা পাপ কাহার ।
শুধুই ওড়ে প্রজাপতি ,পাখির ডানায় বাতাস
কাটতে কাটতে এগোয় যেন হর্ন -বাজানো বাস ।
বাইরেটা খুব সাজিয়ে রাখছি ,দেখাচ্ছি খুব বাহার ,
জঞ্জালগুলো ফুলতে ফুলতে হচ্ছে মোটা পাহাড় ।

আনছি কিনে রামধনু -রঙ ,সুদৃশ্য কন্টেনার ,
সবকিছুই তো ব্যবসাপাতি ,সবই বেচা কেনার ।
রাতের শশী ,পেনের মসি ,বাজারে গিয়ে কিনি ,
যাই না প্রতিবাদের পথে ,বেটার -হাফকে চিনি ।
পার্কে মশা ,নূনের শসা ,যে বসে বেঞ্চ তাহার ,
জঞ্জালগুলো বাড়তে বাড়তে ফুলে হচ্ছে পাহাড় ।

তোমার মনের প্রেম -পরিধি মাপতে পারি না যে ,
মনে কোরো না ,লেট করেছি  ,আটকে ছিলাম কাজে ।
রাস্তা জুড়ে আজও মিছিল ,সবাই প্রতিবাদী ,
বামপন্থী নেতা সবাই -মদ্দা থেকে মাদী ।
সবার ঘরের দরজা বন্ধ ,বাতাস চলে না যে ,
ভেতরটা খুব কালো হলেও ফর্সা দেখায় সাজে ।

ভরলু একটি মিষ্টি নদী ,জঞ্জালে দম বন্ধ ,
দৃষ্টি তাহার প্লাস্টিকে আর নোংরামিতে অন্ধ ।
কি যে দেখাই ,কাকে দেখাই ,সবাই সবার আহার ,
জঞ্জাল সব জমতে জমতে বড়ো হচ্ছে পাহাড় ।

No comments:

Post a Comment