Saturday, 3 December 2016

আমাকে তৃষিত করে যাওয়া



স্বপ্নের ছায়া এসে ঢেকে দিক তোমার নিদ্রাটি ,
চাদরের আবরণে সব শীতই অকারণে জমিয়েছে মাটি।
শীতের ছায়াকে বাঁধো সূর্যের কিরণে সারাদিন ,
স্বপ্নের ছায়া এসে তোমার সঙ্গে খেলা খেলুক রঙিন।

আহত কথার তীরে , গভীর অরণ্যে গিয়ে বাঁচো ,
অন্ধকার অপেক্ষায় , পাতারা আনন্দে নাচে , নাচো।
সর্প শিহরণ ঘিরে , মাটির তলার কেঁচো , উঠেছে ওপরে ,
কোটি বছরের প্রেম , ভালোবাসা হোয়ে ফোটে ভোরে।

তুমি শুদ্ধ আরণ্যক , শরীরের  নির্জনতা , প্রিয় ভালোবাসা ,
নিথর নিবিড় প্রেম , বরফ - শীতল থেকে উদ্ভূত কুয়াশা।
ভেসে আসে উষ্ণতায় , অহংকার লিচু হোয়ে ঝোলে ,
লাল আকর্ষক মধু , টানে মাছি , লোভ টানে কোলে।

স্বপ্ন কি মেঘের মতো , কালো মেঘ , হিম বৃষ্টি ভরা ,
হৃদয় - অরণ্যে মাটি নয় ভিজে ভিজে আর , জাগে উগ্র খরা।
হেঁটে যায় সাপ কেঁচো , শুকনো মন ভাঙে গুঁড়ো গুঁড়ো ,
ভেঙে যায় সব কিছু , গলার বিনম্র -ভাব , গান গাওয়া সুরও।

তুমি থাকো অন্ধকারে , দেহ ভরা কালি তেল , মাখো অন্ধকার ,
তবু বারান্দার কোণে এক টুকরো রোদে বাড়ে তুলশী আবার।
পুরোনো জানলা ভেঙে , অবারিত , ঢোকে ঘরে হাওয়া ,
ক্যালেন্ডার খুলে পড়ে যায় নিচে , আমাকে তৃষিত করে যাওয়া।

                   ..............................................