শব্দের জাদু এসে খুলে দেয় রহস্যের চাবি ,
রহস্যে হারিয়ে যাবো ,যাবি তুই আমার সঙ্গে যাবি ?
দিশাহারা রেলগাড়ি দৌড়ুতে দৌড়ুতে যায় বাড়ি ।
দেখে শুনে মনে হয় বুদ্ধি আছে ,নয় তো আনাড়ি ।
কাজুবাদামের জারে ঢুকে বসে আছে এক পোকা ,
আষাড়-এ গল্প নয় ,স্বপ্ন এসে ভেঙেছে ঝরোকা ।
আলো এসে বাধাহীন ঢুকে পড়ে অনাবিল ঘরে ,
জীবনের ঘ্রাণে ভাসে যুদ্ধক্ষেত্র আজি এ সমরে ।
পেঁয়াজকলির গন্ধে উতলা এ ধরিত্রীর ঘর ,
আমার মাথার কাছে বসে আছে সময়ের জ্বর ।
দেহে তাই আগ্নেয়গিরির মত উষ্ণ অভিলাষ ,
জোরে জোরে পড়ে শ্বাস ,পাবো দেখা আমার বিশ্বাস ।
গ্রীষ্মে শীতের হিম ,শরতে কি বসন্ত এসেছে ?
বারবার মৃত্যু নয় ,একবার মরার জন্যে
বেঁচে থাকা যায় ।
তবু কেন কাক ওড়ে ,অন্ধকার রাত্রির আকাশে ,
হাঁটু গেড়ে বসতে চাই ,তোমার সামনে ,তমোনাশে ।

No comments:
Post a Comment