একদা রক্তের স্রোতে ছিলো কতো উচ্চাবচ ঢেউ ,
বিষন্নতা ছিলো কোণে ,ইঁদুরের মতো যেন কেউ ,
লুক্কায়িত অথবা উন্মুক্ত কোনো সিক্ত কুয়াশায়
শীতের রাতের মতো হিম -হাওয়া মুক্ত হোয়ে যায় ।
তবু শব্দ হয় রেলে ,কেউ যেন যায় পর্যটনে ,
নখগুলো ঘষে মেজে ,রঙ -মেখে যায় মনে মনে ।
কোথায় বেড়াতে চায় , আঘাটায় ,অশিক্ষিত মন
বাঁশির শব্দের মতো ওঠে বেজে - মরণ বাঁচন
আছে কার হাতে আর কদলী -বৃক্ষের মতো প্রেমে ,
বরফের মতো জমে সব কিছু গিয়েছে কি থেমে ?
সব গোপনতা আছে পোষাকের আস্তরণে ঢাকা ,
হাত নেড়ে উড়ে যায় পাখির মতন মেলে ব্যস্ত পাখা ।
শেষ কিছু অনুভব ,যেন মুক্ত পৃথিবীর চাঁদ
বিকিরণ করে আলো ,শব্দ নিয়ে দেখে তার স্বাদ ।
ভাষা নিয়ে , বর্ণ নিয়ে ,পদক্ষেপ নিয়ে আলোচনা ,
রাত্রিদিন চলে সভা ,মনে ফোটে কবিতা -বাসনা ।

No comments:
Post a Comment