Monday, 30 December 2013

হাওয়া ঘুরে যাচ্ছে






হাওয়া ঘুরে যাচ্ছে ।ঘুরে যাচ্ছে বাড়ির মাথায়
                                           আবহাওয়া -মোরগের মুখ ।
ভোরবেলা তার মুখ দিয়ে কোকড় -কো -র জায়গায় বেরুচ্ছে
অজানা অচেনা সব বিভিন্ন আওয়াজ ।হাওয়া ঘুরে যাচ্ছে ।আর
লোকে হাঁ করে তাকিয়ে আছে মোরগের বাঁদরামি দেখে ।

আকাশে এখন প্রসাধন চলছে মেঘের তিনটে -ছটার
                                                       সিনেমায় যাবে বলে
শিলং থেকে নামতে নামতে নদির হাত ধরে মোহনায়
হাওয়া ঘুরে যাচ্ছে ।দক্ষিণের হাওয়া বইছে উত্তর থেকে ।

বুকের মধ্যে সবুজের সমারোহ ।ঘাস -বন থেকে
জন্ম হোলো অরণ্যের ।ধীরে ধীরে সেই অরন্যে কিছু দোয়েল
জন্ম দিচ্ছে বোধির ।আর শাক্যমুণি বসেছেন অশ্বত্থ গাছের নিচে
আরেকবার নির্বানের আশায় ।হাওয়া ঘুরে যাচ্ছে ।ঘুরে যাচ্ছে
বাড়ির মাথায় আবহাওয়া -মোরগের হাওয়ায় -ঘোরা ক্লান্ত মুখ ।   

Sunday, 29 December 2013

আমি জানলা হোয়ে দেখছি






এখনও সাজিয়ে রাখছি সারি বাঁধা মুহূর্তগুলিকে
যারা অফুরন্ত বাগানের অফুরন্ত ফুলের মতো ফুটে উঠে
ছড়িয়ে দিচ্ছে  কতো রকমের রঙ ।আমি জানলা হোয়ে দেখছি ।
প্রজাপতি উড়ছে ।ভেসে বেড়াচ্ছে বাতাসে ।শূন্যতাকে
ভরিয়ে দিচ্ছে অশূন্যতা ।সবুজকে ভরিয়ে দিচ্ছে
আরও অনেক সবুজ ।আশ্চর্য হোয়ে দেখছি
হলুদ হোয়ে যাওয়া পাতাগুলো আবার কেমন সব
সবুজ হোয়ে উঠছে ।আমি জানলা হোয়ে দেখছি ।
কাকের কন্ঠস্বর আমার কর্কশ লাগে না আর ।কারণ
নকশার অংশগুলো সব সাজিয়ে রাখতে রাখতে
পুরো ছবিটার পার্শ রেখাগুলো ফুটে উঠছে ধীরে ধীরে
চোখের সামনে ।আমি জানলা হোয়ে দেখছি ।ধীরে ধীরে
পুরো জানলাটাই হোয়ে উঠছে আমার চোখ ।জানলা ছাড়িয়ে
আমার এই চোখ ,সামনের বাড়ির ছাদ ছাড়িয়ে ধীরে ধীরে
হোয়ে উঠছে হাত -পা ওয়ালা আস্ত একটা শহর ।আর
শহর ছাড়িয়ে ,আমি দেখতে পাচ্ছি সমগ্র দেশ আর দেশের
অযত্ন -লালিত গ্রাম -গেরস্থ -গলি ,মানুষের শরীর ,প্রেম ,
আসঙ্গ ,লোভ আর ভূতনাথ -শ্মশানের জ্বলন্ত চিতা গুলি ।
আমি জানলা হোয়ে দেখছি ।পুরোনো গাছ হোয়ে দেখছি ।    

ধর্মঘট






দোকান খুলবেন না ।চোখ খুলবেন না ।খুলবেন না হৃদয় ।
আজ ধর্মঘট ।আজ হরতাল ।আজ সূর্য উঠবে না ।আজ
অন্ধকার ।আজ হরতাল ।আজ ধর্মঘট ।আজ বন্ধ সব ।

বায়স , আপনাদের বলছি ।অমন কর্কশ স্বরে ডাকবেন না আজ ।
গলায় লাগিয়ে নিন শব্দ -নিরোধক যন্ত্র ।স্বর নামিয়ে ডাকুন ।
পাড়ার সিকুরিটি -গার্ড যারা সেই সারমেয় ,সারমেয়ীর প্রতি
আমার  অনুরোধ , অযথা অকারণে বেপাড়ার কুকুর আর কুকুরীর  দিকে
আক্রমনে হৈ হৈ কোরে ছুটবেন না ।আজ ধর্মঘট ।হে আকাশবাসী
কুয়াশার ঢেউসব -আচ্ছন্ন কোরে দেবেন না চোখ ,যেমন
চিরকাল করে থাকেন আপনারা ।আজ ধর্মঘট ।

দোকান খুলবেন না ।চোখ খুলবেন না ।হৃদয় খুলবেন না ।
                  আজ ধর্মঘট ।আজ হরতাল ।
                               আজ বন্ধ সব ।  

Rabindranath's Song In Translation : Baje Karuno Sure , Hay Dure.....








Dolorous melody is played on ,
                               alas , so far away .
By the veena of trail
                  kissing your feet as you lay.
My mind as wayfarer is fidgety .
I'm ignorant of the possible cause .
In restless exuberance
                 rushes the fragrance of jasmine
                                         on untamed air .
My mind remains indifferent , alas ,
On the night of unbearable woe
                                           of separation .

Saturday, 28 December 2013

আস্তে কথা বলো







কেন শব্দ কোরে কথা বলো ।এখানে নিঃস্তব্ধতা
আগাছার মত এসে বাসা বেঁধে বসেছে সদলে ।
সব রাস্তা চলে গেছে ভূতনাথ শ্মশানের দিকে ,
কেন শব্দ করে কথা বলো ।শেখানো হয়নি তোমাকে
নৈঃশব্দের বর্ণমালা ।সূর্যের চিত্কার ।অন্ধকার
বুক চাপড়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে দিগবিদিগহীন ,
স্বাধীনতার চৌষট্টিতম বর্ষে নেই কোনো শুচিস্নিগ্ধ আমলকি ,
নেই কোনো রজনীগন্ধার গন্ধ ।স্বপ্নের পারাবার ।
শুধু ভয়ংকর ঢেউ শিং উঁচিয়ে ছুটে আসছে মোষের মত
রিসার্ভ ফরেষ্ট থেকে ।কেন শব্দ কোরে কথা বলো ।
বাতাস বইছে বিষন্নতার ।দেবদারু গাছের পাতায়
আজ আর চড়ুইভাতি নেই ।মজে যাচ্ছে ধানসিঁড়ি ।
কেন শব্দ করে কথা বলো ।ঠোঁটের উপর তর্জনী রেখে
বয়ে যাও  স্রোতের সঙ্গে নদির ।আমি তো সজাগ ।
চোখের দুপাতা খুলে নজর রাখছি শত্রুদের আনাগোনার উপর ।
মাথার উপর উত্তরায়নের সূর্য অন্ধকার বিছিয়ে দেবার জন্যে
ছুটে আসছে ।ফুলে উঠছে ব্রম্হপুত্র ।আস্তে কথা বলো ।  



ভালোবাসা এসেছে তল্লাটে








স্বপ্নের জগৎ হয় কখনও সবুজ আর
                                           কখনও বা লাল ।
কখনও বা অন্ধকার রাত কিম্বা কখনও সকাল ।
চেতনার সঙ্গে মিশে গিয়ে কখনও চৌরঙ্গী হয়
                                            সাদা চিত্পুর ,
পাহাড়ের নদি এসে বরাকের সাথে মেশে
                                            লজ্জা ভয় দূর  ।
কোথাও কিচ্ছু নেই হঠাত ছড়িয়ে পড়ে
                                            আগোছালো জাল ।
কখনও সবুজ থেকে স্বপ্ন হয় কি ম্যাজিকে লাল ।

কোথাও আপেল লাল হয়ে যায় কালো ,
কোনো এক গভীর মন্ত্রে আজও
                           অন্ধকার হয়ে যায় আলো ।
কাঁচ ভেঙে জানলার খাট ভিজে যায় স্বপ্নের নীল্ ছাটে ।
মনে এসে হাওয়া লাগে  ,
                               ভালোবাসা এসেছে তল্লাটে ।
                             
 



Sunday, 22 December 2013

ঝড় নিয়ে বাড়িতে আসবনা





যখন বাতাসে দোলে
                    নারিকেল বৃক্ষের পাতা ,
হু হু বাতাসের সাথে
উড়ে যায় রাশি রাশি যৌবনের
                             কবিতার খাতা ।
ঝড়ের বিষন্ন বেগে
                         বোধ হয় ভীষণ রেগে
দূরে যায় ধর্মতলায় ওই অপ্রসন্ন মোলায়েম রোদে ,
আমার কপাল শুধু জীবনের ঋণগুলি শোধে
গয়নার দোকানে বেচে মননের লুক্কায়িত সোনা ।
আর কোনোদিন কোনো
                               ঝড় নিয়ে বাড়িতে আসবোনা ।

দূরের পাহাড়ে






দূরের পাহাড়ে জ্বলে ছোট ছোট আলো ,
প্রসাধনে যেন মুক্তোর মালা ,সুন্দরী হোলো কালো ।
এলোচুল খুলে দেখাবে ও তুমি কাকে  ?
দেখো চেয়ে ওই চাঁদ ডুবে গেলো
                                      মনের অদেখা ফাঁকে ।

দূরের পাহাড়ে জ্বলে ছোট আলোগুলি ,
যেন জ্বলে হীরা তোমার ও নথে
                                      হারানো নয়ানজুলি ।
বুকের মধ্যে ঝর্নার আলোড়ন ,
কেটে যায় যতো অজানার বন্ধন ,
                                        অন্ধকারের ছায়া ।
জড়িয়ে রয়েছে আষ্টে পিষ্টে জীবনের এই মায়া ।
পাহাড়ের কাছে নতজানু হওয়া ভালো ,
চাঁদ নেই তাই খোলা জানালায়
                                  মনের আকাশ কালো ।
অন্ধকারের শেষে আসে দিন সুইচের অনুরাগে ,
আগ্রহ হয় খোলা ব্যালকনি
                                 প্রেম হোয়ে যেন জাগে ।

শেষ ফিতে





সাড়ে -বারোটার স্তব্ধ এ রাত্রিতে
সময় এখন ঘুমিয়ে রয়েছে শীতে ।
শরীর মুড়েছে মখমলী কম্বলে ,
বরফের মত রাত্রি নামছে
                  শরীর ও মনের জলে ।

কি দেখাবো বলো ,কি আছে আমার কাছে ,
ম্যাজিক তো শেষ ,কোলাহল খায় মাছে ।
সে মাছ রাত্রি ,সে মাছ অন্ধকার ,
কালো হয়ে আছে আকাশের সম্ভার ।
সাড়ে -বারোটার স্তব্ধ এ রাত্রিতে ,
সময় কি ছুঁলো দৌড়ের শেষ ফিতে ?




আলোর সমুদ্র






আকাশের নিচে মাটির উপরে
                       মানুষের ভুল ভ্রান্তির মত কিছু পাহাড়  -
যেখানে বর্ষার জলের স্পর্শে গজিয়ে ওঠে বৃক্ষ -চেতনা
আর ছোট বড় অসংখ্য জলধারা
যা বহন কোরে নিয়ে চলে জীবনের বসতবাড়ি ,
তার খাট -বিছানা ,মায় বুকসেলফ  গুলো
                                         অন্য দেশে ,অন্য পাড়ায় ,
অন্য মানুষের দোরগোড়ায় ।আর
আকাশ মানে চেতনা ,আকাশ মানে প্রাণ ,
                             আকাশ মানে জীবনের প্রসুতি কক্ষ ,
কিম্বা মহাকালের জরায়ু যার অন্ধকারের তরলতায়
জন্ম হয় আস্ত -আলোর জীবন্ত গুটিকা ।


ভাবি বৃষ্টি হবে ।কিন্তু বৃষ্টি পড়ে না ।কল্পনায় দেখি ।
কল্পনায় উড়তে চাই আকাশে যেন পেটকাটা ঘুড়ি ,
যার সূতোর একটা দিক বাঁধা আছে ছাতের মণিকোঠায়
দাঁড়িয়ে -থাকা অর্বাচীন একটি চেতনার তর্জনীতে ।
ডানা ভাসিয়ে থাকি শীতের আকাশে ,
                           তারা ছুঁয়ে  তারা হোয়ে যেতে চাই,
নক্ষত্রকে আদর করতে চাই তার শরীর ছুঁয়ে ,
দেখতে চাই জিবে ঠেকিয়ে তার শরীর -বেয়ে -ঝরে -পড়া
অমৃতের মিষ্টত্ব কত গভীর ,কতটা দুরভিগম্য ,
               কতটা আলো আর কতটা অন্ধকারে ঢাকা ।

আকাশের নিচে মাটির উপরে পা রেখে
                               আমি ভেসে চাই আলোর সমুদ্রে ।

Saturday, 21 December 2013

জীবনের শেষ জীর্ণ কানি







এ কথা নিশ্চিত ভাবে জানি
আমি চলে যাবো স্থির কোনো অবশেষে
ছেড়ে দিয়ে এই নীল সমুদ্রের তীর পৃথিবীর ,
অন্য কোনো সুনিবিড় পত্র পুষ্পে ঘেরা
অন্য কোনো দেশে ।
এ কথা নিশ্চিত ভাবে জানি ,
এ কথা নিশ্চিত ভাবে মানি ।

রক্তের ভেতরে আজও
বোধের ভেতরে পাই টের ,
অন্য কোনো টান সমুদ্রের ।
অন্তর নিহিত জলে
কাঁপে ছায়া ,কাঁপে শেষ আলো ,
যখন দিনের শেষে সূর্য ওই পশ্চিমে মিলালো ।

এ কথা নিশ্চিত ভাবে জানি ,
ছেড়ে যেতে হবে এই জীবনের শেষ জীর্ণ কানি ।
রাত্রির আকাশে বসে চাঁদ আর তারা
বসে বসে দেখে সব ,স্তব্ধতায় ডুবে যায় পাড়া ।






আপনাকে শুনতে চাই কাণে





না ,না ,নয় কবিতার কথা , নয় নয় ,
                আপনাকে শুনতে চাই কাণে ,তাই ফোন ,
তাই হোআটস এপ -এ
                         পাঠানো ক্ষুদ্রতম এ বাণী -বন্ধন ।
দুঃখিত এ কথা বলতে
                                  আপনি তো ভুল বুঝেছেন ,
এমন কারণহীন কেউ যে আপনাকে কল
করেছেন বলে তো শুনিনি বহুদিন ,
তাই আপনার বোঝা যুক্তিহীন , কল্পনার অধীন ।
না ,না , নয় কবিতার কথা নয় ,নয় ,
            আপনাকে শুনতে চাই কাণে  , তাই ফোন ,
তাই হোআটস এপে , পাঠানো ক্ষুদ্রতম এ বাণী -বন্ধন ।

অপেক্ষায় কাটে দিন , অপেক্ষায় কেটেছে বছর ,
অপেক্ষায় রাত্রি কেটে হয়ে যায় ভোর ।
কতদিন শুনি না যে আপনার গলার আওয়াজ ।
যখনই তা মনে হয় ,আকাশে তাকিয়ে থাকি
                                                 ফেলে সব কাজ ।
যেন আকাশের কাছে আপনি রয়েছেন ঠেস চাঁদে ,
বিহনে আপনার জন আমার পরান খানি কাঁদে ।
কবিতার কথা নয় ,
                            আপনাকে শুনতে চাই কাণে ।
এ কথা হলেই মনে রাস্তা তো হিড় হিড় করে
                                    আপনার স্মৃতিকে ডেকে আনে ।



Thursday, 19 December 2013

Rabindranath's Song In Translation : Je Rate Mor Duarguli Bhanglo Jhore...








I was unaware of your presence in pure form ,
The night I had my doors crushed in storm .
When every thing faded into darkness ,
Putting off the light of the lamp which was in place .
I extended my arms towards the sky
                                            to whom to conform .
I remained in darkness considering it a dream ,
The storm , I hardly knew , was in fact
                                               your victory's gleam .
When I opened my eyes in the morning light ,
I found you standing  - what a  charming sight !
On the swathe filled with emptiness , out of norm .





Rabindranath's Song In Traslation : Hridoy basona purno holo aaji.......







Hey ! Please listen , all the folks around the earth ,
My heart's desire is all fulfilled up to the brim .
What a spectacle I witnessed ,
As the Lord of the universe is reposed unmoving
On a seat in the mind enlightened to gleam .

Rabindranath's Song In Translation : nobo aanaonde jago aaji.......







Arise in fresh delight today
            with the  sun light  fresh from above ,
In this life , silvery - beautiful ,
                                 resplendent with love .
From the life cascades down
Fresh spring of overwhelming song of hope .
Odour of ever-lasting flower
Floats it's way around in the air to cope .

Tuesday, 17 December 2013

দুঃখ নেই
















দুঃখ নেই , শুধু দেখা যায়
                আনন্দ আনন্দ চারিধারে ।
ভুবন -বিলাসী সুখ বাড়ে শুধু বাড়ে ,
যেমন বাড়তে থাকে দোপাটির চারা কিম্বা
                                    গাঁদার বাগান ।
যেমন ঝর্নার জল প্রকৃতির অকৃপণ দান ,
শীতের কুয়াশা যেন ব্যক্ত চারিধারে ।
আনন্দের স্পীড -বোট সমুদ্র কিনারে ।

দুঃখ সে তো মনের ধূসর আলোছায়া ,
সুখ সে তো রাধাকান্ত নন্দীর বাঁয়া ।
অঙ্গুলি -আঘাতে ওঠে অমৃত -সঙ্গীত ,
আজানের সুরে ভোরে ওঠে নৃত্য গীত ।
সুনিপুন অভিনয়ে ঘোমটা খোলে
                              আলোক -বিলাসী,
পাহাড়ের কাঁধ ছুঁয়ে হেসে ওঠে সূর্য ঠোঁটে
                                   আনন্দের হাসি ।

যখন চাঁদের আলো ঢাকে কালো
                                   মেঘের মিছিল ,
জোনাকি আগুন জ্বালে ,
                     হতাশায় ডেকে ওঠে চিল ।
মনের ভেতরে জাগে , ঘুম ভেঙে জেগে ওঠে ,
                      বাতিদানে জ্বলে ওঠে শিখা ।
সে কি দুঃখ , না কি সুখ , না কি মরীচিকা ?
সে শুধু মনই জানে , যা দেখে সে চোখের পর্দায় ,
সে সুখও মলিন হয় ,দুঃখেরও বোধ গুলি
                                       ঢাকা পড়ে যায় । 





















আলোর সমুদ্র












রাত্রি









রাত্রি আমার নর্ম সহচরী ,
যখন আসে , হাত বাড়িয়ে ধরি ।
হওয়ায় ভাসি ছড়িয়ে দিয়ে পা ,
হাত বাড়িয়েও ধরতে পারি না ।

বৃক্ষ শাখায় রাত্রি আসে নেমে ,
শ্যামল ঘাসের নরম নরম প্রেমে ।
রাত ঘন হয় , পূর্নিমার ওই চাঁদে ,
আমার এ প্রাণ অঝোর ধারায় কাঁদে ।

বাঘ বেরুলে রাত্রি কাঁপে ভয়ে ,
জোনাক ফোটে হাজার শয়ে শয়ে ।
রাস্তাগুলো সাপের মতো নড়ে ,
রাত্রি আমার প্রাণ জড়িয়ে ধরে ।

তার শরীরের গন্ধ লাগে নাকে ,
গন্ধে দেখি স্মৃতির মধ্যে মাকে ।
রাত্রি এসো , রাত্রি আমায় ধরো ,
রাত্রি এসো , আমায় আদর করো ।

রাত্রি আমার নর্ম সহচরী ,
সময় তো কম , দেখি দেয়াল ঘড়ি ।
রাত্রি বুকে ঝাঁপিয়ে পড়ে ভয়ে ,
কাঁপছে সারা শরীর দেখি জয়ে ।

--------------------------
নর্ম সহচরী  :  খেলার বন্ধু বা মিতা ।     

Sunday, 8 December 2013

Translation Of Rabindranath's Song : Songsaro jobe mono kere loy , jage na jokhon pran







When earthly attachment keeps me busy ,
                     when non-activated is my soul ,
Then also O' my lord ,
I happen to render your song
                                to salute you , my goal .
O' my lord , I beg your pardon
For the useless gift
                          my vacant mind passes on .
The prayer is without the offer of flower ,
                              the song is without love .
I hope as my earnest desire ,
                    taking his name in my dry voice ,
The stream of deepest of blessing
                               cascades down , in case.
Suddenly , on your own ,
You will fill me up with your love ,
With this confidence in mind
I throw my vacant heart at your feet
                                           to be on a roll .

Translation Of Rabindranath's Song

Ful Bole Dhonno Ami Matir Pore......






The flower quips , I'm honored
                            to be on the ground .
O' my lord , service to you takes place
                in my heart's room unbound.
My birth is on the dust ,
Let me forget this fact , for god's sake ,
                                                   first .
My heart is not at all soiled ,
Your eyes please be made lower .
With emotional tremor the petals suffer .
By the touch of your feet , please be free ,
To make the daughter of dust heavenly.
I'm the salute for you
                     on behalf of the earth around .

দিন



অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি অসহায়
                         হাতে হ্যান্ডেল -ভাঙ্গা বাইক  ,
অন্ধকারে চিনতে পারছি না কোনো বৃক্ষ , কোনো মানব  ,
ঘাড় গুঁজে পড়ে রয়েছে মৃত সৈনিকের মত
আমার দীর্ঘ দিনের সহকারী  , বন্ধু  , আত্মার আত্মীয় ।
অন্ধকার চিনিয়ে দেয় আমাদের আসল রূপ  ,
কেউ সাহায্যকারী নেই  , কেউ এগিয়ে আসছে না
         এমন কি হাতে নিয়ে সহানুভূতির ধোঁয়া ।
অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি অসহায়  , ঘড়িতে আটটা  ,
ডিসেম্বরের রাত  , হাতে হ্যান্ডেল -ভাঙ্গা বাইক ।

হঠাত জ্বলে ওঠে হাজারটা ফ্লাড লাইট  ,
         আলোয় আলোকিত হয়ে ওঠে চারিদিক  ।
গ্র্যান -পা হোয়াটস ইয়োর প্রবলেম - একটি
কুড়ি একুশ বছরের উজ্জ্বল যুবা এসে প্রশ্ন ছোঁড়ে ।
আমি হতবাক - কে পাঠালো তোমাকে  , দেবদূত ?
ডোন্ট ওরি  , আয় য়াম উইথ ইউ - তার  আশ্বাসবাণী
আমাকে শোনায় মোত্জার্তের সব সিম্ফোনীগুলি একসাথে ।
বাতাস থেকে চলে যায় শীত  , উজ্জ্বল আলোয়
অন্ধকার কেটে গেলে আমি তাকে দেখি - কি জ্যোতিস্মান !
                                             চোখ ধাঁধিয়ে যায় যেন ।

দেবদূতের সঙ্গে  , হাতে ভাঙ্গা বাইক  , আমি হাঁটতে থাকি
আলোকের পথে ,
                                এখন আর অন্ধকার নেই - দিন ।

     

Saturday, 7 December 2013

Translation Of Rabindranath's Song...Aanondoloke Mongolaloke Birajo Sotyasundoro...


As truest of beauty , you are reposed
                                in delight and in the light of good .
You're expressed all over the space .
The universe as embellishment with gems
                                             holds your feet in circle .
The planets , the stars , the suns and the moons ,
With eager speed , gulp down , bathe ,
                                            in the eternal sun light .
On the earth , cascades like spring ,
                                     enchanting scenes of beauty ,
Decked with flowers , with lyrical colors .
The life flows on day and night , anew .
The care , the love , the kindness and the obeisance
                                                        soften the soul .
To alleviate sorrow , you pour
                                         consolation in profusion .
Your celebration in the universe is well respected
                                          by the world full of life ,
Taking refuge under your kind assurance
                                                 and great tutelage .



নেলসন ম্যান্ডেলা - মানুষের ফুল ফোটে



তোমার স্মৃতিতে মানুষকে ভালোবেসে
                                    বেঁধেছি ফুলের তোড়া ,
তোমার স্মৃতিতে গলি ছেড়ে রাজপথে
                                    পায়ে হেঁটে পথ ঘোরা ।

মোমবাতি নয় তোমার স্মৃতিতে আলো
                                       জ্বালাবো অন্ধকারে ,
মানুষের প্রতি মানুষকে ভালবাসা
                                       জানাবো নির্বিচারে ।

তুমি তো দেখেছো কর্কট রোগ কূট
                                       মানবিকতার বুকে ,
রঙের খেলায় মানবিকতার শীষ
                                  কি ভাবে পড়েছে ঝুঁকে ।

তুমিই  শান্তি  , তুমিই যুদ্ধ  , তুমি
                                     বিজয় মিছিল গ্রামে  ,
জঙ্গলে তুমি বসালে শহর নব
                                     কালো মানুষের নামে ।

নয় তো অতীত বর্তমানের পাখি
                                     শষ্য ধরেছো ঠোঁটে  ,
তোমার স্মৃতিতে জেগে উঠে গানে গানে
                                     মানুষের ফুল ফোটে ।

জেগে ওঠে বুকে নিহিত নিদ্রালীন
                                    ভালোবাসবার খেলা  ,
তোমার দেখানো সবুজ পথের বাঁকে  -
                                       নেলসন ম্যান্ডেলা ।



Thursday, 5 December 2013

স্বপ্নময়ীর দেশে


ছোট্ট দুটি ফুল 
তাদের মায়ের কর্ণাভরণ দুল
দুলছে  ছোট  গাছে
নির্মমেরা নষ্ট করে পাছে
লুকিয়ে আছে বাগানের এক কোণে
বিলিয়ে দেবে সুগন্ধ এক মনে

ছোট্ট দুটি ফুল
দুই জনেতে দুজনে মশগুল
এ ওর ঘাড়ে পড়ছে ঝড়ো হাওয়ায়
মৌমাছিকে ফুলের মধু খাওয়ায়
পড়ছে গায়ে ম্যাগ্নলিয়ার আলো
মিশ্রিত এক সুগন্ধ ছড়ালো

ছোট্ট দুটি ফুল
রূপ ও গুনে প্রকৃতি নির্ভুল
মা -টি তাদের আগলায় দুহাতে
খেলছে তারা বনবিড়ালির সাথে
ছোট্ট ফুলের অপূর্ব আবেশে
যা হারিয়ে স্বপ্নময়ীর দেশে

ছোট্ট দুটি ফুল
ফুল - ফোটানো মা - ই তাদের মূল
কাঁপিয়ে পাড়া কাঁপিয়ে বুনো ঘাসে
নরম পায়ে পরম যে সে আসে  




Tuesday, 3 December 2013

বেঁচে থাকবার গন্ধ



বেঁচে থাকবার একটা গন্ধ আছে
                              গরম মশলার মত -
চিঁড়ের পোলাও যেন অবিকল্প স্বাদ ।
ঝড়ো হাওয়া দেখে কাঁপে ক্ষেতের আবাদ ।
অসুখী দম্পতি যেন দুজনে দুদিকে যায় ,
যেতে যেতে দুজনে দুদিক পানে 
তাকিয়ে তাকিয়ে তারা থমকে দাঁড়ায় ।
বেঁচে থাকবার একটা গন্ধ আছে 
যেন বা খাসির মাংস প্রতি রবিবার ।
খাবে কি ডাবের জল ,  এখনও 
               নরম শাস অন্তরে তার ।
বেঁচে থাকবার স্বাদে গন্ধ দিয়ে 
                            চিনে নেওয়া যায় 
কোথায় কেমন রাস্তা  , কোথায় মাঠের কাশ 
                                       দুলছে হাওয়ায় ।
বেঁচে থাকবার একটা গন্ধ আছে , আছে কিছু নুন ,
কারো কাছে আম কিম্বা কারো কাছে 
                                          উদ্ধত রসুন ।
সাহারার দ্বিপ্রহরে জীবন তো মাটির নিচের খেলাঘরে 
খোঁজে শীতলতা  , তার ত্বক জ্বলে , হৃদয়ে 
                              আগুন জ্বলে , সব অগোচরে ।
জীবন তো বালি নয়  , জীবন ধানের ক্ষেতও নয় ।
জীবনের মানে বুঝতে  , কেউ বলে  ,
                           যেতে হয় বুঝি হিমালয় ,
যেখানে পাথরে পাথরে শুধু দেখা যায় 
                             প্রকৃতির অন্দর মহল  -
গুহার ভিতর থেকে জল নেমে নদী হয় 
                        আর তারপরে হয় সাগর অতল । 


    

Sunday, 1 December 2013

তখন তমি এলে


নিয়ে তোমার চুলের মত রূপ
                   খেলছে দেখো হওয়া  ,
তোমার মনের রঙের পাহাড় চূড়ায়
                   কখন হবে যাওয়া ?

ফ্লাই ওভারে চাঁদ উঠেছে দেখো
                   সূর্য ডুবে গেলে  ,
গড়িয়াহাটায় যখন সন্ধ্যে হলো
                    তখন তুমি এলে ।

নিয়ে তোমার চুলের আলোছায়া 
                    নাচছে অমানিশা ,
কে যে কখন হাঁটতে হাঁটতে পথে 
                     হারিয়ে ফেলে দিশা ।

গভীর কোনো ঘরের শ্যামলিমা 
                     তোমার চোখে ধরে ,
ঘুড়ির লোভে ছাতের পূর্নিমাতে 
                     মন যে কেমন করে ।

বয়স বাড়ে ,সময় গোটায় সূতো 
                    এই খোলা আকাশে ,
বাড়িয়ে ডানা এগিয়ে চলে যাওয়ার 
                     স্বপ্ন আজও ভাসে ।

স্বপ্ন হাতে নিশান করে ধরে 
                     চাপ দেয়া প্যাডেলে ,
নষ্ট যখন ফুলগুলি উদ্যানে ,
                     তখন তুমি এলে । 


Saturday, 30 November 2013

Translation : Rabindranath's Song : Aakash Bhora Shoorjo Taara...


The firmament is full of suns and stars,
the universe bubbles with life,
I'm lucky to have a place among them
In amazement my songs emerge without much strife.

The primal-swing that rattles up ebb and tide
I can feel it's pull in my nerves and blood flow-pipe
In amazement my songs emerge without much strife.

While in forest I stepped on grass
Fragrance of flowers made me fabulous.
Objects of delight are rife.
In amazement my songs emerge without much strife.

I've kept my ears and eyes opened, 
I've loved the earth, heart and soul,
I've always been in search of the unknown 
within the objects of known type. 
In amazement my songs emerge without much strife.

Translation : Rabindranath's Song : Modhuro Tomar Shesh Je Na Pai....



O' Charming , as the time passes by
                       I find no end of your's in sight  -
Only flits over the universe
                                  a touch of lofty delight .
At this corner of the day
Over the golden tint of the evening cloud ,
My mind warbles it's way
                                    on an endless flight .
The fragrance of the fagged out flowers
                                  hovers with the wind's caress.
The whole existence is locked in a figure-less embrace.
In the grayness of the twilight at the boundary
                                                   of the green earth ,
I can hear every where
                             the refrain of eternal song of light .
           

ব্রম্ভান্ড দোলে


বুকের মধ্যে খুঁজছি তারে অন্ধকারে ,
পূর্ণ চাঁদের ফ্লাড লাইটের এ বিস্তারে।
কোথায় তুমি লুকিয়ে বসে লজ্জারাঙ্গা  ,
আমার চোখের সামনে খোলো ভূবনডাঙ্গা।

বুকের মধ্যে এক ফালি নয় অখন্ড চাঁদ  ,
পূর্ণ চাঁদের মায়ায় আমায় কে বাঁধবি বাঁধ।
বুকের মধ্যে খুঁজছি তারে অখন্ডতায় -
ভাবতে ভাবতে রাত্রি কেটে ভোর হয়ে যায়।

ভোরবেলার ওই জবাকুসুম তুলবো বলে 
দিগন্তে যাই , পাঁচিল ডিঙ্গোই কি কৌশলে।
মেঘ এসে ওই চন্দ্রিমাকে পকেটে রাখে ,
আর কত মা ঘোরাবে আমায় কুম্ভীপাকে ?

কলুর বলদ ঘুরছি চোখে ঠুলির চাবি ,
চল সেজে তুই এবার আমার সঙ্গে যাবি।
সঙের ভেতর শোন্ পাম্পরির পাম্পরি খোলে ,
পাম্পরি খোলার সেই ঘা -এ ব্রম্ভান্ড দোলে।

বীর


কিছু আলো কিছু অন্ধকার   -
এই নিয়ে পৃথিবী সবার।
শুধু কিছু ফুলের আবেগে 
আমাদের বাঁচবার আশা 
                              ওঠে জেগে।

কাঁটা গাছে ভরে আছে সবার বাগান ,
ফুটপাথে রাস্তায় নর্দমায় দেবতার থান।
শুধু পুজো , শুধু ছাগ বলি ,
মা কালীর পদতলে 
প্রতিটি মুহুর্তে ঘটে আমাদের অন্তরাত্মার 
                                         কথাকলি।

কম আলো , বেশী অন্ধকার ,
এই নিয়ে আজকের বাজার।
নৃত্য হয় দুর্বার উদ্দাম সঙ্গীতে ,
এত রক্ত , এত ক্ষত যার 
               নেই কোনো মাপবার ফিতে।

শূন্যে শুধু তারারা আকাশে 
তাকিয়ে তাকিয়ে মৃদু হাসে।
বহে চলে পৃথিবীর নদী ,
যাবে তারা সমুদ্র অবধি।
তার কাছে নিয়ে যাবে বার্তা পৃথিবীর ,
হেলদোল নেই যার তারাই মানুষ নামে বীর।

চাঁদ হারা



আকাশের প্রেক্ষাপটে আছে সব 
                 কালপুরুষ , মিটমিটে তারা।
রাতচরা জীব যায় , প্যাঁচা বাদুরেরা  ,
                           দিতে বিনিদ্র পাহারা।
কি এমন গুপ্তধন আছে যার লাগে সিকুরিটি ?
প্রকৃতির কাছে আজ কে পাঠালো গুপ্ত হাত চিঠি।
তবুও তো নেই চাঁদ -
                          কে নিয়ে পালালো আজ তাকে ?
তাই অন্ধকার ঢোকে চেতনার ফোকরে ও ফাঁকে।

আকাশের প্রেক্ষাপটে আছে সব 
                            নিচে জাগে কালো পাহাড়েরা।
নদীরা ভ্রমণ করে , পরিবার সহ বাঁধে ডেরা
সামুদ্রিক টানে , ওই শঙ্খচিল সীলেদের দেশে।
প্রচন্ড গম্ভীর স্বরে ভৈরবী খাম্বাজে গিয়ে মেশে।
বারুদের গন্ধ ভাসে , বিশুদ্ধতা পুড়ে গেছে সব।
সেই পোড়া ইঁট দিয়ে তৈরী ইমারতে আজ 
                                          উন্মুক্ত উত্সব।
গান কিছু আসে ভেসে , গানের বন্যায় ভাসে পাড়া।
আকাশের প্রেক্ষাপটে আছে সব 
                                 শূন্য শুধু আজ চাঁদ হারা।