Friday, 6 April 2018

নিমগাছ

বুকের ভিতর মৃত নিমগাছ খানি  ,
স্বার্থের বিষে মরে সে গিয়েছে জানি। 
জীবনের পথে কিছু কিছু ভালোলাগা  ,
চিরদিন শুধু বুকে দিয়ে যায় দাগা। 

কচি ফুলসাজ পরে কচি কচি পাতা ,
নিমগাছ যেন ছিল আমাদের মাতা। 
কত যে শালিখ চড়ুই দোয়েল পাখি ,
খেতো ফুল পাতা আমরা কি খোঁজ রাখি ?

রাখি না তো খোঁজ নিজের নিজেকে ছাড়া ,
নিজে নিজে বাঁচি পৃথিবীতে দিশেহারা। 
বুঝি সব মৃত যেন চেনা নিমগাছ ,
জীবন্ত যদি কেন তবে মৃতসাজ ?

শ্মশানে পুড়ছে মৃত নিমগাছ খানি ,
দাউ দাউ জ্বলে চিতা ,শাড়ি জামদানি। 
এলে সে নৌকা ছেড়ে যাবে পরিচিত ,
বুকের ভিতরে নিমগাছ খানি মৃত। 
..............................................

Thursday, 5 April 2018

জানলার ফ্রেমে চোখ রেখে ...................................

জানলার ফ্রেমে রেখে চোখ
হাতের চাপ দিয়ে লোহার গ্রিলে 
দেখছি রাস্তা দিয়ে ভাসানে যাচ্ছে লোক 
হাজার হাজার ,লক্ষ লক্ষ , কোটি কোটি। 
চারতলার ওপর থেকে 
জানলার ফ্রেমে রেখে চোখ 
আমি দেখছি।

গঙ্গার জল ভেসে চলেছে বঙ্গোপসাগরে ,
মিষ্টি জল থেকে নোনা জলে। 
ক্ষুদ্রায়তন থেকে অনন্তের বৃহদায়তনে। 
আকাশে ঘুরতে ঘুরতে শকুন যেমন 
চোখ রাখে লাশে ,
চোখের সামনে কাতারে কাতারে 
মানুষ চলেছে ভাসানে , বিসর্জনে। 
তুলশিপত্র , জবাফুল ভেসে যাচ্ছে জলে। 

ভাসান নাকি নতুন জন্ম 
ভাসান নাকি উত্থান !
ক্রুশবিদ্ধ হবার পরে পূনর্জাগরণ ?
রাশি রাশি ফুল ও বেলপাতা নিয়ে 
লম্বা লাইন ছেলে বুড়ো জোয়ানের 
গলি থেকে রাজপথের কুয়াশায় 
নিজেকে আহুতি দিতে 
কাতারে কাতারে চলেছে ভাসানে 
বাজনার সঙ্গে নাচতে নাচতে আর 
আমি দেখছি 
জানলার ফ্রেমে রেখে চোখ 
হাতের চাপ রেখে লোহার গ্রিলে। 

  ...............................