Monday, 31 October 2016

বুক ভরে মুক্ত বাতাস





জলে ফুটে আছে পদ্ম , অনেক অনেক রঙ এবং প্রকৃতি ,
মন মক্ষিকার ইচ্ছা ,কৃষ্ণ -ভ্রমরের মত ,উড়ে উড়ে খুঁজে পায় স্থিতি।
চায় কি মধুর স্বাদ  , পেতে চায় আহ্লাদ , দিতে চায়  ডুব ,
ডুবে ও কি পাবে তল  , বিস্তৃত ও অমল  , মনে ইচ্ছা খুব।

মন তো ইচ্ছার দাস  , খুঁজে ফেরে বারোমাস  , আনন্দ -আগুন ,
এটা ওটা সেটা চায় , এ পথে ও পথে যায়  , খেতে চায় নূন।
এটা প্রক্রিয়া নয় , এ তো প্রকৃতির জয়  , সেই তো নাচায় ,
সমুদ্রের কাছে যাবো  , নাকি আম পেড়ে খাবো  , তারই তো ইচ্চায়।

ইউক্যালিপ্টাস সাদা  , পথে আছে বহু বাধা , নেই পরিমাপ ,
পাতায় গন্ধ ভরে  , দিতে চায় করজোড়ে  , হৃদয়ে উত্তাপ।
শাখা তার পাকে পাকে  , ভালোবাসা দিতে ডাকে  , এনে দেয় ফুল ,
তবু তো জীবনখানি  , কেড়ে নেয় ধূর্ত -রাণী  , কানে তার ঝুমকোলতা দুল।

পাহাড় ছেয়েছে পণ্যে  , কে যে খায় কার অন্নে , মগ্ন শীতলতা ,
শহরের রাণী আসে  , বেঁধে ফেলে বহ্নিপাশে , চায় দাস্যতা।
কোরে দিতে চায় দাস  , বুক ভরা অভ্যাস  , টেনে টেনে যায় বারোমাস ,
চায় মুক্তি হাত ছুঁড়ে , চলে যেতে চায় দূরে , আবহাওয়ায় তারই আভাস।

পদ্মের বাগান কোরে  , কৃষ্ণ -দীঘি আছে ভরে  , এই তার রীতি ,
জনে জনে ডাকে আয় , গভীরে সে নিতে চায় , ভরে দেয় ভীতি।
কিনতু সে তো বাঁচা নয় , বাঁচা মানে নির্ভয়  , টেনে নিয়ে শ্বাস ,
নতুন পাতার গন্ধ , প্রকৃতির যত ছন্দ , বুক ভরে মুক্ত বাতাস।

                      ----------------------------------

যার রাস্তা ,তারই রথ





আমি তো জানিনা কিছু ,তবু দয়া পায়ে হেঁটে ,এসেছে আমার পিছু পিছু ,
উঠোনে দাঁড়িয়ে ডাকে ,খাটের গোপন ফাঁকে ,অন্ধকারে দেয় সব কিছু।
বাতাসের মত আসে ,অস্তাচলের পাশে ,গড়ে দেয় বড় ইমারত ,
ফুলেরই মতন ফোটে ,ভালোবাসা স্পীডবোটে ,ধীরে ধীরে মুক্ত হয় হারানো জগৎ।

এই কি শৃঙ্খল -ভাঙা ,জলের এই কি ডাঙা , স্টেশনের থেকে হাঁটা পথ ,
পিছে ফেলে মুদিখানা ,ছিলো বটে মুন্সিয়ানা ,ছিলো দূরে ছড়ানো  পর্বত।
তারই আড়াল থেকে ওঠে ডাক গন্ধ মেখে ,পাইনের বিস্তৃত সমাজে ,
সমাজসেবীরা ঘোরে ,ছায়ার শীতলে পোড়ে ,আমি রূপ ব্যস্ত আছি কাজে।

তুমি তো আকাশে ছিলে ,ও বিশাল নভোনীলে , ও অতল দূর শূন্যতায় ,
আমার  ভাষার মুখ , ছিলো সদা উৎসুক , সর্বদা মুক্ত হতে চায়।
দেখি মুক্তি অসমর্থ ,দিতে ভাষা দিতে অর্থ ,মঞ্চ আছে পর্দার আড়ালে ,
মিশে গেছে সব পথ  , যার রাস্তা তারই রথ  ,তারই পাতা সাজে ডালে ডালে।

                            -------------------------------