Sunday, 4 May 2014

পথ





বাড়ি ও বৃক্ষের ফাঁক দিয়ে কার্নিশে বেড়ে -ওঠা
বট গাছের কচি পাতায় ,গাড়ির চাকায় আর
তোমার মনের পারদ -তরল অনুভূতিতে ,সুখে দুঃখে ,
গাঁদার হলুদ রঙের মতো নরম আলো ছুঁয়ে রয়েছে সারা সকাল  -
আমি দেখছি আর আমার শরীর বেয়ে ভেসে যাচ্ছে
বৃষ্টির জলের মতো আলোর স্রোত ।বাড়ি ও বৃক্ষের ফাঁক দিয়ে
খোলা জানলায় ,দোকান ,হাটবাজার ,ভূপেন কেবিন আর
রেসের ঘোড়ার নাল  - কিছুই বাদ পড়ছে না ।
আলোর সর্বব্যাপী মনোবাসনায়
আমি ভেসে যাচ্ছি আকাশের নীল আলোয় ।

যারা বসে আছে নদির ধারে জোয়ারের দিকে চেয়ে ,
যারা দাঁড়িয়ে আছে হাঁসাডাঙার বিলের ধারে বাস ধরবে বলে ,
ষ্টেশন ছুঁয়ে চলে যাচ্ছে গন্তব্যের দিকে ।
সকলের পথের দিকে চোখ রেখে বসে আছি আমি ।
হাওয়ায় ভাসছে রোদ্দুরের ঘ্রাণ আর শ্রাবণ মাসের
চকচকে সবুজ আটকে আছে আশ্বিনের আদিগন্ত নীলে ।
বাড়ি ও বৃক্ষের ফাঁক দিয়ে ,কার্নিশের অবর্ণনীয় রুক্ষতায় ,
বটগাছের ভিটেয় ছড়িয়ে আছে আমাদের এগিয়ে যাওয়ার পথ ।

                      ................................... 

অনন্ত সকাল





স্বপ্নের চাদর খুলে দেখালো সে অন্তরের নদি ,
নশ্বর পাহাড় থেকে সহসা উন্মুক্ত হলো অমৃত -জলধি ।
বৃক্ষের সবুজ পাতা ,হলুদের শ্রান্তি ছেড়ে হোয়ে উঠলো লাল ,
সূর্য ওঠে ,সূর্য ডোবে ,খোলা -ভাঙা অন্ধকারে অনন্ত সকাল ।

আমারও তো রাস্তা ছিলো ,ফুলের বাগান আর ল্যাম্পপোস্টে আলো ,
সুদীর্ঘ সমুদ্র -পাড়ে হালভাঙ্গা জাহাজের গতি পালটালো ।
ওঠে ঝড় ,ওঠে ঢেউ ,আকাশের মেঘ থেকে নেমে আসে ক্রোধ ,
তারপর শান্ত সব , গন্তব্য  দ্বীপের বুকে সকালের রোদ ।

                 ..........................

তবু বৃষ্টি পড়ে







তবু বৃষ্টি  পড়ে ,
মনে মনে ,অন্ধকার ঘরে ।
মাধবীবিতানে
হাওয়া ঘোরে মৌমাছির  গানে ।
কবিতার বর্ণময় ঘরে
তবু বৃষ্টি পড়ে ।

গাড়ির চাকায় ঘোরে পথ ।
ভেঙে গেলে গৃহীত শপথ
তাসের ঘরের মত ভেঙে পড়ে বাড়ি ।
সন্ধ্যা এলে ফিরি তাড়াতাড়ি ।
ফিরে আসি অক্ষরের ঘরে ,
তবু বৃষ্টি পড়ে ।

বৃক্ষ ভেজে একাকী নির্জনে ,
নির্ঝরিত জল ঢোকে মনের গহনে ।
রাস্তা জুড়ে বয়ে যায় স্মৃতি ,
এলানো জলের মতো তাকে মনে পড়ে ।
বৃষ্টি পড়ে ,
চোখের জানলায় বৃষ্টি পড়ে ।

         ...............




গলির মোড়ের সারমেয়






গলির মোড়ের সারমেয়  -
দিও তাকে ,দিও কিছু স্নেহ ।
মা বাপ বিহীন তারা রাজা ,
ওরে বাজা ,বাজনাগুলো বাজা ।

ওরাই তো পাড়া -রক্ষাকারী ,
বিনিময়ে পায় ওরা
    ফেলা -ভাত আর তরকারি ,
পচা -মাংস ,মাছ -খাওয়া কাঁটা ।
কাছে এলে ,দূর দূর করে মারি ঝাঁটা ।

ওরাই তো পাড়ার কুকুর -
বিস্কুট পেলে চাঁটে দাতাটির ক্ষুর ।
নাড়ে লেজ ,আনন্দ উচ্ছ্বাসে ।
চায় স্নেহ ,সে আশায় আসে ।

গলির মোড়ের সারমেয় -
দিও তাকে ,দিও কিছু স্নেহ ।
রাজা তারা ,আমরা সব প্রজা ,
শক্ত নয় ,কথাটুকু বোঝা ।

       ................