কালকে আমি অন্য ছিলাম,আজকে আমি অন্য ,
আকাশ ফেটে বৃষ্টি পড়ছে , সে তো তোমার জন্য।
একটি ছোট পথ পেয়েছি ,সেই পথে যাই হেঁটে ,
কোথায় যেন যাবার ছিলো ,হাওয়ায় সাঁতার কেটে।
এই পথে ফুল ফুটবে, নাকি এ পথ ভরা কাঁটায় ,
যে নদীতে স্রোত ছিলো বেশ ,এখন সেটা ভাঁটায়।
ভুল পথে রোজ ভেলকি দেখায় ,গঙ্গারামের ব্যাটা ,
সেই ম্যাজিকে কেউ ভোলেনি ,পিঠে পড়েছে ঝ্যাঁটা।
পাল্টে যাচ্ছে চতুর্দিকটা ,বন জঙ্গল রাস্তা ,
কি খাবে আজ ডিনারে ভাই -নুডলস নাকি পাস্তা ?
বাড়ছে বয়েস ,চারদিকে বেশ ,হাতল ধরে ঝুলছি ,
তোমার ভাষা হাওয়ায় ঠেসা ,বেকার খেয়ে ফুলছি।
কালকে আমি অন্য ছিলাম ,আজকে আমি অন্য ,
পাল্টালে মুখ হয় অচেনা ,হয় না অগ্রগণ্য।
এসব দেখেই কাটছে সময় ,তাস পাশা আর কোথা ,
ফেসবুকে মুখ লুকিয়ে রাখি ,আর নেই অন্যথা।
একটু একটু বুঝছি ,নাকি ,লাটে উঠেছে সেসব ,
অনেক যুগের পরে হঠাত ফোন করলো কেশব।
ভালোই আছে বিদেশ -বিভুঁই ,লিকারে মুখ ধুয়ে ,
বসে বসেও ক্লান্তি আসে ,তাই পড়েছি শুয়ে।
শুয়ে শুয়েও বেশ হাঁটা যায় , মনের পাকা রাস্তায় ,
হাঁটতে পায়ে ফুটছে কাঁটা ,ছাগল নাকি সব খায়।
সব খেয়ে সে ভালোই আছে - মাংস হয়ে পাতে ,
ভালো -থাকা যে কেমন -থাকা ,যায় না বোঝা তাতে।
মৃত্যু সে তো শুরুর শেষই , এদিক থেকে ওদিক ,
ভাবলে শান্তি ,না ভাবলে নয় ,ভুল বোঝে বেরসিক।
দরজা খুলে রোদ্দুরে যাই , সে তো তোমারই জন্য ,
বললে এসব , হৈ চৈ রব , আবহাওয়া হয় বন্য।
...................................