ছিন্ন করে মাতৃক্রোড় থেকে
সারমেয়দের একটি শিশু
সামনের বাড়ির ওই গৃহস্থ মহিলা যে কেন এনেছেন ,
আর ,কেনই বা তাকে এনে এ গভীর হাড়কাঁপা শীতে
রেখেছেন ন্যাড়া ছাদে মাতৃস্নেহ হীন ,জিবের কোমল -ছোঁয়া হীন ,
এখনও তা আমার বোধগম্যতার থেকে দূরে ।
কেন যে মানুষ
অযত্ন -লালিত আর পরিবারহীন এই পথে -থাকা সারমেয়গুলি
তুলে এনে বাড়িতে রাখেন - সে কি পশু প্রেম ?
সে কি পাওয়া সস্তার রাতের -প্রহরী , না কি
শক্তির অযথা গর্ব প্রদর্শন দূর্বলের প্রতি ?
ছিন্ন করে মাতৃ ক্রোড় থেকে
সারমেয়দের একটি শিশু ,
দাস হয়ে ,অত্যাচার সয়ে ,প্রলম্বিত করে ইতিহাস -
সভ্যতার ব্রেকফাস্ট থেকে যে ঘটনা আজও ঘটে
তাকে মূর্তি দিয়ে ,
পিচবোর্ড -বন্দী হয়ে যুদ্ধ করে মকর -সংক্রান্তির হিম ,ন্যাড়া ছাদে ,
সেই শিশু যে সাহসী ,যে গ্লাদিয়েতর ।
কাক আসে ,শালিখ চড়ুই সব খবরের শষ্য খুঁটে খায় ।
কবুতর দেখে যায় রোজ প্রাতে ,গতর খাটিয়ে ,
সারমেয়দের শিশু বেঁচে আছে কিনা ,
ফেলে - দেওয়া -ভাত খেয়ে ছিন্ন -ভিন্ন খবরের কাগজে ।
তবু এ তো হয় না সংবাদ ,শিরোনাম দূরে থাক ,
টেল -পিস্ হয়ে কোনো এক মাঝের পাতায় ,তাও নয় ।
অজানাই থেকে যায় এই সব বাঁচার লড়াই এই
গ্লাদিয়েতর সারমেয়দের ,এই বীর শিশুটির ,
যে এখন এ সকালে রোদ্দুরের সঙ্গে করে খেলা ,
মশা ও মাছির সঙ্গে কোরে খুনসুঁটি ,
জয় হোক তোর ,
হে গ্লাদিয়েতর !

The emotions are beautifully portrayed and the parallel drawn with the gladiator is so true and disheartening. People out of their selfish need for entertainment do not realise the need for love and care on the other side.
ReplyDelete