Monday, 26 September 2016

বৃষ্টি হোয়ে





বৃষ্টি ছুঁলো , অমনি ফুটে উঠলো কদম ,
কি শিহরণ ছড়ায় দেহে , অনেক রকম।
রোমের বাহার ,গলায় মালা ,সাতনরিহার ,
বৃষ্টি ছুঁলো ,অমনি সুরূপ ফুটলো যে তার।

বৃষ্টি ছুঁলো  , সূর্যমুখীর ঘুম ভেঙে যায়  ,
এই প্রভাতে কিম্বা রাতে  , ফসল ফলায়।
ধানের সবুজ  , লকলকে তেজ  , বাড়ছে দেহ ,
পাকলে সোনা ছড়িয়ে দেবে ,ছড়ায় স্নেহ।

বৃষ্টি ছুঁলো  , আলের ওপর পথটি পিছল ,
চারদিকে সাপ , হিসহিস শব্দ  , সেই হলাহল ,
বিন্দু হোয়ে সবদিকে যায় ,নদীতে বিষ।
এ কোন সাগর ,রাত্রি ও ভোর ,নজর কাড়িস  ?

বৃষ্টি ছুঁলো  , আমের বুকে ভরলো যে রস ,
প্রেম দুনিয়ায় যৌনতা সব ,মানুষ অবশ।
বৃষ্টি ছুঁলো ,ফুটলো কদম ,সূর্যমুখী ফুল জোনাকি ,
কোথায় গেলে মেঘের ভেতর ,বৃষ্টি হোয়ে ঝরবে নাকি ?

                   ..................................

 
  

Sunday, 18 September 2016

খাঁচা




আমি তো এসেছি ফিরে , জল কেটে ধীরে ধীরে , এই নদীতীরে ,
দেখি তুমি ফুলে ঘেরা ,দুটি চোখ সর্বসেরা  , সকলের ভিড়ে।
জীবন ঘাসের মত ,বেড়ে ওঠে অবিরত ,এমন কি পাথরের ইঁটএ ,
মাতৃসম আবহাওয়ায়  , প্রেম আসে প্রেম যায়  , গড়ে ওঠে ভিটে।

আমি তো তোমাকে চাই  , মনে হয় ফিরে যাই  , সেই অন্ধকারে  ,
যেখানে উৎপন্ন বীজ  , সবাই তো মনোসিজ  , চোখ মেলে জাগে বারে বারে।
শুধু তো জাগার জয় জীবনের সব নয়  , থাকে কিছু বাঁকি  ,
যদি সকালের আলো  , নিদ্রা ভেঙে না জাগালো  , তবে সবই ফাঁকি।

জাহাজ তো ছেড়ে যায় ,দেখি গুটি গুটি পায় ,বাজে হুইসিল ,
সমুদ্র পাখিরা জানে ,কাকে যে কখন টানে  , দরজায় উঠে যায় খিল।
সম্পন্ন হোতে হবে  , রবে নয় সুনীরবে  , জলে ঢেউ ওঠে আর নামে ,
অশ্বথ গাছের নীচে  , দেখো আলো আগে পিছে ,জেগেছে আরামে।

কখন কে যাবে চলে ,সে কি কোরে যাবে বোলে ,তবু শূন্য হয় ,
শরীরের গন্ধ থাকে , এ কথা বোঝাই কাকে , বেঁচে থাকা বড় হর্ষময়।
সাবানের গন্ধ আসে  , দুঃখময় অবকাশে ,সুখের জন্যে জেগে বাঁচা ,
শুধু ধুপ ধুনো নয় ,ঘন্টা নয় ,নয় ফুল ,উড়ে যাওয়া খুলে দিয়ে খাঁচা।

                           ......................................... 

নতজানু





বিপ্লব  , বিপ্লব  বলে  ডেকেছি অনেকদিন  , বিপ্লব আসেনি ,
পাথর ভেঙেছি বহু  , পাখি হোয়ে গান গেয়ে বলেছি আমি তো তাকে চিনি।
বিপ্লব আসেনি তবু  , রৌদ্রে পোড়া দগ্ধ মাঠে  , উড়েছে পতাকা  ,
বিপ্লব আসেনি তবু  , নিদ্রাহীন রাত্রি জুড়ে জেগে থাকে চোখ , ঘুমে -ঢাকা।

বিপ্লব তো ট্যাক্সি নয় - ডাকলেই আসবে চলে কাছে তৎক্ষণাৎ ,
বিপ্লব তো নয় বাজ  , নীল মেঘে ডেকে উঠবে হঠাৎ হঠাৎ।
বিপ্লব তো জেগে ওঠা , নদীটির রোগা -দেহে নিয়ে আসা বান ,
মুহূর্তে মুহূর্তে বাড়া  , কিছু নেই শুদ্ধ ছাড়া , আর সবই ম্লান।

অন্ধকার ভেঙে ফেললে , দেখো মাঠে পড়ে আছে আলোর বাগান ,
নবান্নে ধানের শীষ  , দুধে -মাখা অহর্নিশ  , সবাই তো বিপ্লব -সন্তান।
বীজ থেকে ওঠা চারা ,ভেঙে ফেলে অন্ধকারা  , হোয়ে ওঠে গাছ ,
চারিদিকে একই সুরে  ,প্রাণ নাচে অন্তঃপুরে ,চারিদিকে উৎসবের সাজ।

বিপ্লব  , বিপ্লব  বলে  ডাকলেও  , তাজা থাকে , বিপ্লব পুরোনো হয়না ,
বুকের ভেতরে যেন বন্যা হয় ,ঢাকের সঙ্গতে বাজে বুকের গয়না।
বিপ্লব সাজাতে হয়  , বিপ্লব বাজাতে হয়  , প্রতি কোণে  অণু পরমাণু ,
সূর্যোদয়ে ভোর হয়  , আলোর প্রবাহময়  , আপনা হোতে হই নতজানু।

                    ..................................................

Fragrance




On the bedspread
We wallow in the fragrance of a life animated
Tiny , yet , inordinate ,
Just put on the rail
That heads towards undefined horizons .

The whole room , the chamber
Where we spend our nights ,
The odor of the tittle has taken care of .
We can bear testimony to the unintelligible warble,
Movements of little soft arms ,legs ,eyes ,
Which express the meaning of
A pattern of fight
Waged against dominant uncertainty ,
Of love , with the movements of
The construction of the building blocks .

On the bedspread
We wallow in the fragrance of a life animated ,
Tiny , yet inordinate ,
That begins to show - yes ,
She can easily ignore the obduracy ,
The road blocks to ripping growth - blooming .
In the air wafts the smell of sweet sweat
Of this fantastic struggle , dramatic -
A heart-empowering watch , indeed .

            ....................................


Thursday, 1 September 2016

কচুরীর পানা





যেখানে রাত্রি এসে ,  সে যে কার অন্বেষে ,গভীর গভীরে এসে মেশে ,
যেখানে ভ্রমণ এসে ,অনন্ত আলোর দেশে ,পর্যটন ভেঙে দেয় শেষে।
সময়ের শান্তভাব ,অলৌকিক জাগরণে , আরণ্যক রাস্তা পেরিয়ে ,
প্রেমের বিস্ফোরিত শক্তি ,শূন্যতার জাগরণে ,চেয়ে দেখে সামনে দাঁড়িয়ে।

অণু পরমাণু সব ,মাথা নিচু করে স্তব ,এ যেন মুক্তির প্রার্থনা ,
দুহাতে উড়িয়ে ফুল ,নদীর ভরেছে কূল ,অদৃশ্য ঘোরে শক্তিকণা।
কচুর পাতায় জল ,আবিশ্ব টলোমল ,হাজারে হাজারে কাটে ঘুড়ি ,,
রাসবিহারীর মোড় ,যেন বা কাটে না ঘোর ,কচি মেয়ে কুড়িতেই বুড়ি।

চার্চগেটে হয় বৃষ্টি ,জলে ভাসে সারা সৃষ্টি ,আরব সাগর নাচে একা ,
লোকাল ট্রেনের কাছে ,মন ঋণী হোয়ে আছে ,দাদর মাহিম ঘুরে দেখা।
জুহু বান্দ্রা নাড়ে কড়া ,দক্ষিণী ডালবড়া , 'এন্ড চিলি ' দোকানের নাম ,
সংস্কৃতি একাকার ,সামনে বড়ো অন্ধকার ,লোলজিহ্ব প্রাণীর আরাম ।

গঙ্গা বেয়ে নামে ভক্তি , হৃদয়ে তো পূর্ণ শক্তি ,ফুল বেলপাতা আশীর্বাদ ,
কোথাও দেখি না কিছু ,শ্যাল ঘোরে পিছু পিছু ,চারিদিকে ব্যক্ত আর্তনাদ।
কোথায় পালিয়ে যাবে ,আর কত কেড়ে খাবে ,পোষা পাখি মেলে দেয় ডানা ,
মধূ হোক সর্বদিক ,বায়ু ভরে আকস্মিক , জলে ভাসে কচুরীর পানা।

                             .............................................