Wednesday, 5 July 2017

কান্না থামার গান




একটুখানি মজায় থাকা 
                      একটুখানি ছন্দ  ,
একটুখানি সবুজ হাওয়া 
                      একটু ফুলের গন্ধ। 

একটি দুটি ফুলকো রুটি 
                      কিম্বা একটু ভাত ,
এর বাইরে আর কি কি চাস ,
                       জ্যোৎস্নাভরা  রাত ?

এই চাওয়া তোর হচ্ছে না কি 
                      একটু সীমা ছাড়া ,
বসন্ত বায় দিচ্ছে হাওয়ায় ,
                      শুনছি কড়া নাড়া। 

দৌড়ে যাচ্ছি , বন্ধ সদর , 
                      হাট কোরে দি খুলে ,
শরীর  ও মন , বাগান সদন ,
                       যাক ঢেকে যাক ফুলে। 

ফুল কুড়িয়ে , শব্দ মেখে 
                       করবো এমন রান্না  ,
খেলেই পাবে জোর গায়ে সব ,
                       থেমেই যাবে কান্না !

           ........................

                      

প্রতি রোমে পলাশের লাল





কত নব কেমিক্যালে , কত রঙ , নতুনের রূপ নিয়ে সামনে দাঁড়ায় ,
গৃহের ছাতের পাশে পলাশের ফুলগুলি নিজেকে মার্জিত করে নব সভ্যতায়। 
কত নব ভৌত জ্ঞান , ছুঁড়ে ফেলে দেয় দূরে পুরাতন পোষাকের মায়া ,
নতুন রঙের  সাজে , কব্জিতে বেলফুল , হেঁটে যায় অলি গলি অলীক বেহায়া। 

তোমাকে উদ্দেশ্য কোরে আমার এই লেখা জোকা , নতুন মডেল ,
তুমি কি শুনেছো কিছু , জলভরা এ বাতাসে , ওগো মাদমোইজেল !
নাকি সব শব্দ গুলি বাক্য হোয়ে উড়ে যায় পশ্চিমের ঘাটে ,
তোমার এ অবহেলা,  ভালোবাসা নিয়ে খেলা , দুদিকেই কাটে। 

তবুওতো কত মাছি , সজিনার ফুলে এসে বসে সারাদিন ,
যদি কিছু পায় মধু , ভরা মাঠ  , নয় ধুধু , সময় নবীন। 
পদ্মের পাতায় এসে , আমার বুকের ভাষা , বসে ছদ্মবেশে ,
তোমাকে জানাতে চাই , প্রতি রোমে পলাশের লাল ওঠে হেঁসে। 

                    .......................................