Sunday, 16 February 2014

জীবন পতাকা





চোখের উপরে হাত রেখে দেখতে চেষ্টা করি
                                             দৃষ্টি প্রসারিত করে ,
যদি দেখা যায় কোনো আলো , দূরে কিম্বা কাছের রাস্তায় ।
কিম্বা পশ্চাতের খোলা মাঠে ,আঙুরের বিস্তৃত বাগানে ,
চোখের উপরে রেখে হাত , দেখি ,
রাজপথে মানুষের ঢল জীবনকে বয়ে আনে ।
রোদ্দুরের হলুদ চেতনা দেখি জীবন্ত করেছে ওই বারান্দার কোণ ।
অধিকার বোধ  ছুঁড়ে ফেলে
                               সবকিছু মনে হয় বড়ই আপন ।

ভঙ্গীতে চেনা যায় , কেঁচো না সাপের ছানা , চলে এঁকে বেঁকে ।
মাথার উপরে চুল পেঁপের মতন ওঠে পেকে ।
উদ্ধত মুখের মত শীত এসে ঢোকে উদ্যানে ,
                         ফেলে দেয় সবকটি পাতা বেঁচে -থাকা ।
তুলে নিয়ে যায় অগোচরে
                         ভূমি জুড়ে পড়ে থাকা জীবন -পতাকা ।               

No comments:

Post a Comment