Wednesday, 24 August 2016

তোমাকেই জানে শুধু





আমার সকালগুলো মেশে এসে বিকেলের রোদে ,
সন্ধ্যা আসার আগে ,ঢেকে নেয় নিজেকে গরদ-এ। 
প্রতীক্ষায় নেই আর  , এ সময় হেঁটে করি পার  ,
কর্ম এসে হাত ধরে বিশ্রামের , ভ্রুকুটির ধার 

সহজে তাচ্ছিল্য কোরে হেঁটে যায়  , যেখানে জীবন 
অস্তিকে শেখায় প্রেম  , প্রাণের উপরে রেখে পণ। 
শাখা প্রশাখার ফাঁকে আলো এসে জ্বেলে দেয় স্মৃতি ,
পায়ে চলা পথ নয়  , এ যে এক বিস্তৃত প্রতীতি। 

জীবন তো যুদ্ধ নয়  , এ তো প্রেম  , এ তো ভালোবাসা ,
প্রচন্ড উষ্ণতায় এ যে এক প্রস্রবণ  , মেটায় পিপাশা। 
সারি সারি বৃক্ষ  মাটি পশু পাখি কীট ও আবহাওয়া  ,
এই নিয়ে থাকি বেঁচে  , নদীর মতন নেচে, সমুদ্রকে পাওয়া। 

বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে ,ভাঙে বালিয়াড়ি ,
আমি তো আবর্ত শুধু  , ঘুরেই মিলিয়ে যাই ,অন্ধের দিশারী -
তুমি তো জলেই আছো , যেমন বাতাসে আছো  , প্রাণ , 
আমার সকালগুলো তোমাকেই জানে শুধু  , জ্ঞানে অজ্ঞানে। 

                   .........................................