চাই না হতে কবি ,আমি চাই না হতে নেতা ,
চাই না হতে ধর্মগুরু ,ভবিষ্যতের ক্রেতা ।
বর্তমানের খুব সাধারণ মানুষ আমি তাই ,
যেমন আছি ,সেই রকমই হোয়ে থাকতে চাই ।
পাহাড় দেখি ,নদিও দেখি ,নোংরা -জমা ডোবা ,
আকাশ ভরা সূর্য তারার দেখি অমল শোভা ।
মনের মধ্যে জমাই সোনা ,ঝিলিক -মারা হীরে ,
জলের স্রোতে বইছে সময় ,বইছে বাতাস ধীরে ।
আমার কাছে মাছিও দামী ,যেমন দামী তরু ,
ভালোবাসায় ছায় এ হৃদয় ,নয় মোটা নয় সরু ।
আলোর মধ্যে যেমন সুখী ,অন্ধকারেও তেমন ,
সুখ খুঁজি না ,আপনি আসে ,প্রিয় দোয়েল যেমন ।
মন্দ ভালোর দ্বন্দ ছাড়াও আছে অনেক কিছু ,
জায়গা উঁচু যেমন আছে ,জায়গা আছে নিচু ।
শূন্যে ওড়ে চিল ও শকুন ,শূন্যে ওড়ে ঘুড়ি ,
সময় যেমন যাচ্ছে মানুষ হচ্ছে বুড়ো বুড়ি।
লোভ তো অনেক ছড়িয়ে আছে ,লোভের নামই আঠা ,
জলেও কুমীর ,স্থলেও কুমীর ,টেনে ধরছে পা -টা ।
কবিতা লিখি ,ছন্দে খেলি ,চাই না হোতে কবি ,
খুব সাধারণ ,তাই-ই হোতে চাই ,বিলিয়ে দিয়ে সবই ।

No comments:
Post a Comment