কবির বুকে বৃষ্টি -ভরা মেঘ ,
যে মেয়েটি কবিতা লেখে তারও ।
উপচে পড়ে ভালোবাসার বেগ ,
যায় ছাপিয়ে সীমানা আত্মারও ।
লেখার বর্ণে নির্দ্বিধ অমৃত ,
ছিটকে পড়ে ঝর্ণা যেমন ঝরে ।
অক্ষর সব হাসছে দেখো স্মিত ,
মাছের মতো প্রতীক খেলা করে ।
সূর্য ডোবে ছুঁয়ে ঝালুকবাড়ি ,
যায় ছুটে পথ সোজা এয়ারপোর্টএ ।
সন্ধ্যা নাচে নাচছে যেন নারী ,
মধূর খোঁজে গলির অলি জোটে ।
এসব সবই পদ্য লেখার ছলে ,
ফেনিয়ে তোলা কাপড় -কাচা সাবান ।
ময়লা যাবে কাচলে বাহুবলে ,
গান পুরাতন আবার তাকে কে গান ?
নাকের নথে দুলিয়ে প্রেমের তোড়া ,
কে যায় আসে ফটফোটিয়ে চটি ,
এমনিতেই তো আমার কপাল পোড়া ,
আসছে সময় চালিয়ে ভট ভোটি ।

No comments:
Post a Comment