তুমি কি জানতে ,আলোর তলায় বসলেই আলোকিত হয় না হৃদয় ,
কৃত্রিম -পাখার নিচে বসে ,শুকিয়ে নেওয়া যায় গায়ের ঘাম ,
ত্বকের উপর বসে থাকা পাথর -ভাঙা জলপ্রপাতগুলি ,অথচ সুস্বাদু এই বাতাসে
শুকোয় না প্রাণের উপর মাছির -মতো -উদাসীন বসে থাকা স্বেদবিন্দু ।
অন্ধকার -হৃদয় আলোকিত করার জন্যে ,পাথর কেটে
ঘর বানাতে হয় শীতল ,যেখানে পদ্মের -পাতা -ঝরানো বাতাস
কোথা থেকে এসে যেন জুড়িয়ে দেয় শরীরের ক্লান্ত সর্বস্ব ।
তোমার চারপাশে সবই আলো কোথাও নেই সেই অন্ধকার ।
দেবতার মন্দির ঝাঁপিয়ে পড়ছে পরাক্রান্ত -বাঘের মতন লালসায় ।
হরিণের উপর ।সুন্দরবনের ক্ষয়ে -যাওয়া অরণ্যে ।ঘুরে বেড়াচ্ছে
চারা -পোনা হোয়ে ত্রিবেণীর -বাড়ির পেছনের ডাক -উইড -মাখানো -জলাধারে ।
তুমি কি জানতে ,আলোর নিচে বসলেই আলোকিত হয় না হৃদয় ,বিজ্ঞাপিত -সাবানে
স্নান করলেও মনের দুর্গন্ধ ঘুরে বেড়ায় একশ -ছাব্বিশটি -হাড়ের বেড়াজালে ।
........................................

No comments:
Post a Comment