ছাতের উপরে পড়ে রয়েছে রোদ্দুর
শীতের দুপুরে চুল -শুকোতে -আসা বউ ঝি-দের মতো ।
ভ্রমন -পিপাসু হাঁসের দলে নাম লেখাতে চায় ছা -পোষা শালিখ ,তাই
ডানা ছড়িয়ে ছড়িয়ে পরীক্ষা করছে ডানার জোর ।
বুড়ো বয়েসে ভীমরতি ধরেছে রাস্তার কোণের থুর থুরে বাড়িটার ,
দাঁত বাঁধানো হোয়েছে নতুন ,রঙ -চড়ানো হোয়েছে পাতলা -হওয়া চুলে ।
পাশের বাড়ির জাঁহাবাজ গিন্নি দেখছে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে -
ভাবখানা এই -"মিনসের নোলা যায় না মলে " ।
ছাতের উপরে লেপতোষক-এ মাখামাখি করে রোদ ।
আজানের শব্দ পেলে মা ঠাকরেন আসেন তাদের নামাতে ।
সেই সময় দুটি ভালো মন্দ কথা কন সামনের বাড়ির কমলার সঙ্গে ।
কলাগাছের পাতা দোলে উত্তরের হিমেল বাতাসে ।
বাপ -চড়ুই-এর সময় হয় খবর নেবার জুনিয়ার চড়াই -ছানাদের ।
লাঞ্চে পোকার ঝাল -চড়চড়ি খেয়ে সটান লম্বা দেবে তারা ।
ওপর থেকে শ্যেন -দৃষ্টি হেনে ঘুরে বেড়ায় চিল -
ছো মেরে উঠিয়ে নিতে চায় সুখ দুঃখ দুটিকেই গাছের মগডালে ।
চারিদিকে একবার -পরা -সূতির -জামার মতো নরম আলস্য ।
বয়স্ক বেলগাছটার শরীর ছেয়ে আছে বেলের কচি কাচায় ।
তারপর আসবে এক হাওয়া সময়ের হাত -ঘোরানো স্পিন -এ ,
আর নড়বড়ে তিনকাঠি কোথায় ছিটকে যাবে কে জানে ।
.................................

No comments:
Post a Comment