আমার বেঁচে থাকার মধ্যে আগুন জ্বলছে
বড় বড় উদ্ধত লেলিহান শিখায় -
সেখানে হচ্ছে জন্ম ,হচ্ছে মৃত্যু ।
একটি বিশালাকায় ঘাসজমির মালিকানাহীন বিস্তারে ,
আমার বেঁচে থাকার মধ্যে আগুন জ্বলছে দাউ দাউ ।
প্রতিটি মুহূর্তের মধ্যে অণু পরমাণুর মতো
দৌড়ে যাচ্ছে জীবন আর শবাসনে শুয়ে রয়েছে মৃত্যু ।
যে নদী নাচতে নাচতে চলেছে এঁকে বেঁকে
পেরিয়ে গিয়ে বহু নগর বন্দর মাঠ ঘাট অবহেলা ,
তার লয় সমুদ্রের অন্তহীন অতল গভীরে ।
সেই জলই মেঘের মাথায় পর্বত -শিখরে পুঞ্জ পুঞ্জ
হিমশীতল বরফ যার কাঠিন্য গলে গলে আবার ঝর্ণা নদী হোয়ে
নিজের মনে চলে যাচ্ছে পেরিয়ে মাঠ ঘাট বন বনান্তর ।
আমার বেঁচে থাকার মধ্যে আগুন জ্বলছে
বড় বড় উদ্ধত লেলিহান শিখায় ।
আমার বেঁচে থাকা সজনে ডাঁটা হোয়ে ঝুলে রয়েছে শূন্যে ,
ঝরে পড়ছে শিউলি ফুল হয়ে পথের ব্যস্ততায় ।
আমার বেঁচে থাকা সিঙ্গাড়ার -গন্ধে টাল মাতাল পৃথিবী ।
আমার বেঁচে থাকা আগুন জল বরফ ,
কান্না দুঃখ অশ্রু বর্ষার এক কোমর জল ।
আমার বেঁচে থাকা বইমেলার হারিয়ে পাওয়া বই ।
আমার বেঁচে থাকার মধ্যে হৈ হৈ করে জ্বলছে আগুন ।

No comments:
Post a Comment