আমি বন্দী হোয়ে আছি
খাঁচায় যেমন থাকে শ্বেত ইঁদুরেরা ,
নিজের মনের হাতে ,মনের নদীর হাতে ,
ম্যাগ্নলিয়ার কাছে ফেরা
হয়তো হবে না আর ,আমার মাথার কাছে মেঘ
ঘোরা ফেরা করে খুব ,বৃষ্টি হবে ,
বৃষ্টি হয়ে ,বিন্দু বিন্দু হয়ে
ঝরবে আবেগ ,
অনুভূতি প্রেম আর পাগলা -ঝোরার মতো নিয়ে ভালোবাসা
আমি বন্দী হোয়ে আছি যেমন শব্দের জালে ভাষা ।
পবিতোরা জঙ্গলের কাছে যাবো ,
শাল আর সেগুনের নিবিড় সংসর্গে ভাত খাবো ।
নিশান উড়িয়ে কিছু চিল যায় সুদূর দক্ষিণে
বসন্তের বাতাসের কাছে ,
শীত চলে গেলে যেন পদধূলি দেন তিনি ঠিক পথ চিনে ।
বাসের রাস্তায় বাস ঠিক যায় চলে ,
বিরহ ও ক্রোধ নিয়ে ,সুখ ও দুঃখের শিশু কোলে ।
এখন শীতের সন্ধ্যা ,দেরি হোলে নেমে আসে রাত ,
অন্ধকারে আমি বন্দী ,নিজেই নিজের হাতে -
হায় ,কি বরাত !
...................................

No comments:
Post a Comment