এপার থেকে ওপার করছে
হাত ভর্তি বালি ,
এ ফুটপাতে তুলছে আর ওই
ও ফুটপাতে খালি ।
ছেলেটি বোকা ,যাচ্ছে আসছে
দেখছে না তো গাড়ি ,
এপার থেকে ওপারে গিয়েই
ফিরবে তাড়াতাড়ি ।
অনেক্ষণই চলছিলো এই
এপার ওপার করা ,
জল টল টল গঙ্গায় ওই
ভাসছে পিতল -ঘড়া ।
গ্রীষ্ম -কালের দুপুর বেলা
ভাতঘুমে সব কাতর ,
মা দিদিদের কাপড় রোদে ,
আগর -তেলেই আতর ।
জলযোগের ভ্যান -গাড়িটা
দুধের ক্যানে ভরা ,
আসছে ভীষণ স্পীড চড়িয়ে
ধরাকে ভেবে সরা ।
সেই ছেলেটি দেখলো না তা
আসার পথে এধার ,
মাঝ রাস্তায় ধাক্কা খেলো
দুধ গড়ালো দেদার ।
ভাগ্যে ব্রেকটা লেগেছিলো
ড্রাইভারদার হাতে ,
তাই ছেলেটি গেলো বেঁচে
পারলোনা টপকাতে ।
অনেক হোলো হৈ চৈ আর
জমলো অনেক ভিড় ,
সেই ছেলেটির মার চোখে জল
ঝরছিলো অস্থির ।
মার কাছে সে আদর তো নয়
খেলো ভীষণ মার ,
দুঃখ দেবার শাস্তি অনেক ,
এর নামই সংসার ।
এমনই অনেক স্মৃতির কথা
হটাত পড়ে মনে ,
চলছে সবই তার শাসনে ,
চাঁদ ভাসে আনমনে ।
.............................

No comments:
Post a Comment