গভীর রাতে ঘুম ভাঙে রোজ ব্যস্ত কড়া নাড়ায় ।
দরজা খুলি ,ঘোর অন্ধকার কালো হাতটি বাড়ায় ।
জড়ায় আমায় অন্ধকারে ,অসিত গভীর নদির ধারে ,
কুয়াশা ঘন বনাঞ্চলে ,কে যেন পথ হারায় ?
গভীর রাতে ঘুম ভাঙে রোজ ব্যস্ত কড়া নাড়ায় ।
শীতল হাওয়া সামনে এসে কপালে হাত বোলায় ,
আলোর যে খোঁজ ,সন্ধান তার ,আছে কি কাঁধ -ঝোলায় ?
সে কি বাউল ,পথ হেঁটে যায় ,অন্ধকারকে চিরে ,
সব মানুষের পিঠ বেঁকে যায় ,বোঝার ভার বাড়ায় ।
গভীর রাতে ঘুম ভাঙে রোজ ,ব্যস্ত কড়া নাড়ায় ।
আমবাগানের মধ্যে সেগুন বিশাল পাতা মেলে ,
দাঁড়িয়ে আছে উজ্জ্বলতায় ,খোঁজ কি পথের পেলে ?
প্রশ্ন করি একে তাকে ,পথের খোঁজে পথে ,
বুক যেন হায় গুমড়ে ওঠে অন্ধকারের পাড়ায় ,
গভীর রাতে ঘুম ভাঙে রোজ ,ব্যস্ত কড়া নাড়ায় ।

No comments:
Post a Comment