Saturday, 8 November 2014

অনন্ত শান্তির কোলে






তোমার পায়ের কাছে যেখানে শুয়েছে রোদ জানুর উপরে  ,
আমার এ দেহ খানি সেখানেই থাক শুয়ে  , নয় অন্য ঘরে।
বৃক্ষেরা জটলা ভেঙে যখন হেঁটেছে পথে জনারণ্যে একা  ,
জলহীন মরুভূমি  , সেখানে তোমার সঙ্গে আমার হোক দেখা।

মরুদ্যান খুঁজি নাকো  , ফুল্ল বাগানবাড়ি কিম্বা নীলাকাশ  ,
কিম্বা ডিমের মধ্যে যেখানে জীবন শুয়ে পূর্ণ অবকাশ  ,
অরণ্য -সংকুল পথে  , মনের কামনা এই - মানুষ বৃক্ষের মত হোক ,
সর্বত্র শান্তির জল  , অগভীর সন্ত্রাসের পশ্চাতে নেই কোনো শোক।

তোমার পায়ের কাছে যেখানে নদীর জল বহে যায় ধীরে শব্দহীন ,
বিশাল প্রান্তরে শষ্য সুগন্ধ ছড়িয়ে হয় যেখানে  বিলীন  ,
রাত্রি গভীর হলে  , যেখানে অসীম এসে ছুঁয়ে দেয় সীমার প্রাচীর ,
সেখানেই শুয়ে থাকবো  , অনন্ত শান্তির কোলে মাথা পেতে স্থির।

                     ......................................

No comments:

Post a Comment