রক্তের রাজপথে পথ কাটে গন্ধভরা ফুল ,
এ যেন মেঘের ছাতে মেলে দেওয়া মেঘবতী চুল।
বৃষ্টির মুখোমুখি পাতা থেকে হাত নাড়ে মৃদু ক্লোরোফিল ,
আকাশে সুগন্ধী হাওয়া ,ডানা মেলে সুস্বভাবী চিল।
শুধু এক গন্ধ নয় ,জেগে আছে ভ্রমর -কাঁপানো অন্ধ -টান ,
রাজপথে ফোটা ফুল ,বাতাসে শব্দের গানে ভোরের আজান।
জীবনের জানলা খোলা ,ঢুকে আসে আলোময় ফুল ,
রক্তের ভেতরে ফুলে জেগে থাকে সুগন্ধী পথের নির্ভুল।
ফুলের নরমে তুমি ,জেগে আছ শুদ্ধ মুখ গাছের বাকলে ,
নিদ্রা -জাগরণে আছ ,শাখায় শাখায় ফুলে ফলে।
রক্তের রাজপথে নদীর মতন হাঁটে সুগন্ধী -তরল ,
আমার এ উষ্ণ গ্রীষ্মে ,তুমি আছ একমাত্র চাতকের জল।

No comments:
Post a Comment