পথ ভেঙে যায় পথে ,পাথরে দুরন্ত বারোমাস ,
তোমার আমার মাঝখানে ,প্রেম নামে স্বপ্নের আবাস ।
জলে দোলে আলোছায়া ,পথ হেঁটে যায় আশ্বাসে।
সীমানার ইউক্যালিপ্টাস ফুটে ওঠে দিনের আকাশে ।
কার কাছে যাও খুকি ,বাড়ি যাও ,বেড়ে গেছে বেলা ,
সময় তো হিংস্র আজ ,দুর্ঘটনার পথে হেঁট না একেলা ।
পথ ভরে বেনোজলে ,রাত এসে কড়া নাড়ে রাতে ।
কে এসে বিরক্ত করে ,এ সময় ,কে হাড় -হাবাতে ?
তোমার নাকের নথে ঝুলে আছে ,ন্যাজঝোলা পুরোনো প্রেমিক ,
তুমি তো ভালোই আছ ,তোমাকে সে ভালোবাসা দিক ।
পথ ভেঙে যায় পথে ,কুয়াশায় ঢেকেছে পাহাড় ,
প্রস্তরে রাস্তা আছে ঢেকে ,প্রেম তবে কাকে দেবো আর ?

No comments:
Post a Comment