পথ এসে ডেকে নিয়ে যায় দূরে
যেখানে আলোয় ভরা অন্ধকার থাকে ।
যেখানে জলের নিচে পাথরের শ্যাওলার গ্লানি ,
ছোট পথে ,ছোট বাঁকে যত হয়রানি ।
যেখানে এ বাস যাবে ,সেখানে কি অরুনিমা থাকে ?
নদি ডাকে ,পাহাড়ও তো ডাকে ,
ডেকে নিয়ে যায় দূরে
যেখানে সময় বসে জীবনের ধূলোবালি মাখে ।
সন্ধ্যা হলো ,ওই তো সরব হলো নক্ষত্রের পাড়া ।
ডাকে নাকি আমাদেরও ,
হাত ধরে নাচ হলে সারা ।
বড় পাথরের বুকে জলের হালকা টোকা
বলে দিয়ে যায় -
মনের গভীরে গিয়ে সভা হবে আজ সন্ধ্যায় ।
কত কাজ পড়ে আছে বাকি
কত গাছ ফোটায় নি ফুল ।
কুয়াশার জল এসে ধুয়ে দেয় সব নির্ভুল ।
মেঘের কপালে আলো
বিদ্যুতের আলো আমি জানি ।
তারপর ভরে ওঠে ,টিয়ার ঠোঁটের মত জ্বলে ওঠে
রানী মহারানী ,
রূপের লাবণ্য জুড়ে অরূপ আলোর ঝলকানি ।
নদি ডাকে ,পাহাড়ও তো ডাকে ,
ডাকে মহাকাশও ।
অনন্ত কাল শুধু জীবনবোধের জলে ভাসো ।

No comments:
Post a Comment