বড় বড় স্বাস্থ্যবান থামগুলোর গা ফেটে
কবেই বেরিয়ে পড়েছে হাড় -পাঁজরা ।
এখন গলে গলে পড়ে যাচ্ছে বিকলিত মাংসপেশীগুলো ।
সনাতন সনাতন করে যারা পাগল হলো
তারাও নাকে দিচ্ছে সুগন্ধী রুমাল ।
জমিদারবাড়ির শেষ বংশধর রংচটা পালঙ্কে শুয়ে
শেষযাত্রায় যাবে বলে অপেক্ষায় আছে ।
মেঘ করেছে ঈশান কোণে ,কালোর রূপে বিদ্যুতের আলো ,
বুক খুলে রেখেছি ,জড়িয়ে ধরবো বলে এই জলধারা ।
জানালার গরাদে ঠেকিয়ে মাথা ,
কে বিমোচন করছে এই চোখের জল ?
হঠাত কড় কড় কোরে পড়ল বাজ ,ইস্কুল বাড়ির ছাদে ।
ভাগ্যিস ইস্কুল বন্ধ ,নইলে কি হতো ,
কল্পনাও করা যায় না ।
হাতের মুঠি উঠিয়ে আজও মিছিল যায় ,
আজও সদাশিব আর হালিমরা ভিড় করে দাঁড়ায়
মসজিদ বাড়ির মাঠে ,শুনবে বলে বন্ধন -মুক্তির কথা ,
তার মুখে যে কোনোদিন জানলোই না বন্ধনের কথা ,
মুক্তি তো দূরেই থাক ।
বড় বড় থাম গুলো তো ভাঙ্গবো ভাঙ্গবো করছে ,
মাথার ছাদটা যে কেন ভেঙে পড়ছে না
সেটাই আশ্চর্যের বিষয় ।

No comments:
Post a Comment