এ শীত কি এনে দেবে বসন্তকে কাছে ?
যদি গ্রীষ্ম এসে যায় পাছে
এমন আশংকা
বুকে ধরে শব্দ নিরাকার
চায়ের লিকার
হাতে নিয়ে বসে থাকি বারান্দায়
শীতের সন্ধ্যায় ,
চোখ দুটি বসে থাকে তারা হয়ে ,
জোনাকির মতো হয়ে গাছে ।
এ শীত কি এনে দেবে কাছে
দূর বসন্তকে ?
এ সব বিষয় নিয়ে রাস্তায়
বলাবলি করে বহু লোকে ।
এ সব কথার টুকরো ভেসে আসে কাণে ,
যে সব ঘটনাবলী আজকাল চারিদিকে ঘটে বা ঘটেছে
কি যে তার মানে ,
কি যে তার নিহিত সংবেদ ?
কিছুই যায় না বোঝা ,শুধু বাড়ে মেদ ।
অভিমান ওঠে ফুলে
ক্রোধ এসে কাঁধে রাখে হাত ।
রাস্তার মোড়ে মোড়ে ফেটে পড়ে ব্যক্ত সংঘাত ।
চলে গুলি ,ফাটে বিপর্যয় ,
এ শুধু প্রকট করে অন্তরে নিহিত মহা ক্ষয় ।
নদি হয়ে ভেসে যেতে চায় অনুভূতি -মগ্ন হাহাকার ,
দূর ভবিষ্যতে নকশা নেবে কি আকার ।
সন্দেহ কি আছে
এ শীত কি এনে দেবে বসন্তকে কাছে ?

No comments:
Post a Comment