সেঁজুতি সান্যালের মত সুন্দর পৃথিবীকে লাগে ,
এ কথাটা ভাবা হলে শেষ ,অনুভব আসে অনুরাগে ।
কে এই সেঁজুতি বালা ,যার কাছে এ পৃথিবী ভালো ?
মিছিলের শেষ নেই ,চায় পরিবর্তন জমকালো ।
জমাট বরফ হয়ে পড়ে আছে সারি সারি গাড়ি রাজপথে ,
ক্ষীণ এ চোখের দৃষ্টি ,দেখাবে সে কোন ছবি দূর ভবিষ্যতে ?
সেঁজুতি সান্যালের নাম কেন এলো ,সে কি কারো চেনা ?
আমার বাগানে চাঁপা ফুল ,এই শীতে বসন্ত আনবেনা ।
সেঁজুতি সান্যালের মত সুন্দর লাগে এই পৃথিবীর মাটি ,
এ মাটি আমার ,তাকে সাজাবো সুন্দর পরিপাটি ।
কি করে সাজাবো আমি ,শুধু ভরে কবিতার খাতা ?
না কি কিছু করে কাজ ,ভেবে ভেবে ঝরে যায় পাতা ।
সেগুনের বড় পাতা ,দোপাটির ছোট পাতা সব ,
ভাবার উত্সব চলছে ,চারিদিকে ভাবার উত্সব ।
আকাশে তারারা আসে ,প্রহরে প্রহরে নব তারা ,
ভেবে ভেবে ক্লান্ত হয়ে অন্য আকাশে গেল তারা ।
তাই শুধু থাকি জেগে ,আমি আর আমার এই
সেঁজুতি সান্যাল ,
বুকে রঙ সবুজের ,মনের ভিতরে নিয়ে লোহিত সকাল ।

No comments:
Post a Comment