মনের ভিতরে আছে বাসনার গোপন বিদ্যুত ,
মাথার ভিতরে তাই কত শত রঙ্গময়ী ভূত
সমস্ত শরীরে হাঁটে ,শিরা বেয়ে উঠে যায় শিরে ।
জলের ভিতরে ডুবি ,ডুবে যাই অনেক গভীরে
বাদুড়ের মত ডানা মেলে উড়ি ঘোলাটে আকাশে ,
কত দিন ,কত রাত একা কাটিয়েছি বসে ঘাসে ।
নরমে গরমে মাটি আমাকে দিয়েছে ভালোবাসা ,
আমি তাকে গড়ে দেবো নাকে নথ ,হাতে মানতাসা ।
মাথার ভিতরে খোলা জানলা দিয়ে করে আনাগোনা ,
তিড়িং বিড়িং ভূত ,এনে দেয় প্রভূত মার্জনা ।
ভিক্ষে করে আনা নয় ,রীতিমতো শ্রমে অর্জিত ,
মনের ভিতরে যত ভালোবাসা ,নয় সব মৃত ।
এখনও তো আছে প্রেম ,আছে কামরাঙ্গা গাছে আঠা ,
ফুলে ভরা দস্তানার নিচে আছে সূচীতীক্ষ্ণ কাঁটা ।
মনের গভীর জলে ডুবে আছে অন্ধকার পর্যটনকারী -
হিংস্র ও কঠিন আর ষড়যন্ত্রী ,ঘন ভ্রষ্টাচারী ।

No comments:
Post a Comment