এই তো একটু আগে ,ভালোবাসা বসেছিলো
প্রজাপতি হোয়ে ঘাসফুলে -
কাঁটা হোয়ে গৃহিনীর সোয়েটার বুনবার পেলব ওই ঊলে।
এই তো একটু আগে যে দোয়েল কর্মকান্ডে লুকোলো বাসায় ,
আমারও তো চোখ যায় ,তার খোঁজে ,তার পিছু পিছু
চলে যায়।
বিরাট আকাশ এসে নীল হোয়ে দাঁড়িয়ে রয়েছে বারান্দায় ,
এতো কাছে ,যদি চাই ,হাত ধরে কথা বলা যায়।
আড়া মোড়া ভেঙে নেয় সামনের সুন্দরী দশ তলা বাড়ি ,
দাঁত মেজে রেডি হোয়ে মাঠে যাবে দৌড়ুতে ,বার করে গাড়ি।
ভালোবাসা শুয়োপোকা হোয়ে দেখে চোখ তুলে চেয়ে ,
ভালোবাসা উঠে যায় ভালোবাসা দেবে বোলে ,গাছ বেয়ে বেয়ে।
পাতাদের কাছে তার সখ্যতা আছে ,আছে উন্মীলন।
মৃত্যুকে বরণ কোরে হবে তার নতুন জীবন
হোয়ে প্রজাপতি -
পালটে পালটে যায় ভালোবাসা ,এ তার নিয়তি।
........................

No comments:
Post a Comment