Sunday, 19 October 2014

হলুদ বসন্ত






সূর্যমুখী ফুলে যখন ঢেউ খেলে বসন্তের হলুদ ভালোবাসা
জানলার -পাখিগুলো ক্যামেরার চোখ হোয়ে উদগ্রীব চেয়ে থাকে।
সামনের বাড়ির পলকা -ডট -যুবতী -কুক্কুরী
একটি তাগড়া মুসলমানী মোরগের অনায়াস ডাকে
উদাস কাটিয়ে দেয় সারাসকাল আর আইসক্রিমের গাড়ি
চকোলেট -বার বেচতে বেচতে ক্লান্ত হোয়ে
নবনীতার বারান্দায় সাইবেরিয়ার বরফ হোয়ে বোসে থাকে।
পাইনের ঠান্ডা ছায়ায় আরাম কোরে জিরোয় ,কোলকাতা।
শালিখের অভিযোগের কোনো সুরাহা করতে না পেরে
মনোহর দাস তরাগের পূণ্যকর্ম
মানুষ যাতে সহসা বিস্মৃত না হয় ,তার ব্যবস্থা করতে
বার করে এক মহামিছিল ,জমায়েত হয়
তাবৎ জেলার নারী পুরুষ মনুমেন্টের নিচে  আর
চিঁড়িয়াখানা দেখার পর রাত্তিরে
গ্র্যান্ড হোটেলের গাড়ি বারান্দার নিচে
প্রসব করে শতাব্দীর মহাবিস্ময় -
এই কথা শুনে আকাশে ভাসমান অবস্থায়
পুরীষ ত্যাগ করে এক পূন্যবান কাক আর
কালীঘাট ক্রিকেট ক্লাবের মাঠ থেকে
সহসা একটি আপেল -লাল -ডিউস বল
সিক্সার হোয়ে ফাটিয়ে দেয়
দুর্বল চৌরঙ্গীর মহাপথ এই মহাশাসনে।
তবু সূর্যমুখীর ঘুম ভাঙে না , হলুদ বসন্তের ঢেউ
খেলতে থাকে ,খেলতেই থাকে ,আর
যৌবন -সমুদ্রের সুন্দরী বেলাভূমিতে শুয়ে রোদ পোয়ায়
ক্যামেরুন ডিয়াজ।
   

No comments:

Post a Comment