সকালে রাত্রির গন্ধ ,রাত্রি জুড়ে সকালের আলো ,
অসুখের চিহ্ন নেই ,পৃথিবীতে সব সুস্থ ভালো।
বটের ফলের মতো লাল রঙে ছেয়ে আছে গাল -
আমার সকাল খানি নীলের আভাষে নীল স্বর্ণময়ী লাল।
সুপক্ক ধানের রূপে পৃথিবীর সুন্দরীরা ম্লান ,
জলে ডোবা পথ ঘাট ,কার্নিশে শ্রাবণের গান।
কোথা থেকে ভেসে আসে ভালোবাসাবাসি -করা মেঘ ,
জড়ো হোয়ে আছে যেনো অভিমান -বহতা আবেগ।
কোথাও শাঁখের ডাকে মা দূর্গা দেবীর শক্তি ফোটে ,
কোথাও ঘাসের ঘরে ভালোবাসা ফুল হোয়ে ওঠে।
ভাতের গভীর গন্ধ লোকালে ঝুলতে ঝুলতে যায় শেয়ালদায় ,
চাঁদখানি নেমে এসে বলে আয় টিপ দেবো আয়।
সকালে রাত্রির গন্ধ ,রাত্রির গায়ে আজ জ্বর ,
ভালো -থাকা ডানা -মেলে যায় যেন হয়েছে অমর।
অনেকদিনের পরে সূর্যের শেষ আলো নদীটির জলে ,
নিজেকে সজীব করে সুন্দরীদের মতো পলে অনুপলে।
বটের পাতাটি ঝরে বৃষ্টি -বাহন -হওয়া হাওয়াটির বেগে ,
সুখের মাটিটি ফুঁড়ে দুঃখের চারাগাছ উঠিয়াছে জেগে।
যেন বা ঘুমের মধ্যে ঘন ঘুমে ছিলো সে অধীর ,
আমাদের এ পৃথিবী ভালো -মন্দ নিয়ে আছে স্থির।
............................

Beautiful. Specially the 3rd stanza.
ReplyDelete