Sunday, 12 October 2014

অনন্ত হৃদয়পুরে অজানা উত্সব






পৃথিবীর সব আলো ,সব ভাষা ,সব অন্ধকার ,
ফানুসের মতো যায় ভেসে ভেসে যেদিকে যাবার। 
উত্তরে দক্ষিনে পূবে ,কেউ যায় হৃদয়ের টানে ,
কেউ স্থির হোয়ে থাকে চোখের পাতার ভিড়ে স্তব্ধ -অভিমানে। 

মাচার লাউএর মতো যাবতীয় সুখ দুঃখ ঝুলে আছে সব ,
যেন এ পৃথিবী জুড়ে ,অনন্ত হৃদয়পুরে অজানা উত্সব। 
কাঁটা গাছে ফুল হয় ,সাহারাও দিতে পারে জলের সন্ধান ,
সবার ত্বকের নীচে রক্ত -মাংস -মাখা -হোয়ে জেগে আছে প্রাণ। 

দুরের পাহাড় খানি অন্ধকারে আছে ডুবে জোনাকির -আলোগুলি মেখে ,
ঝিকমিক কোরে জ্বলে এ বিশ্ব -আকাশ তলে কি যে এতো লেখে -
অসম্ভব পদাবলী ,ছন্দ মিল ভাষা -ব্যবহার সব আশ্চর্য -অবাক ,
দেখে মুখ হাঁ হয় ,চোখ বড়ো বড়ো হোয়ে হয় রুদ্ধবাক। 

পৃথিবীতে এতো আলো ,এতো উজ্জ্বলতা তার ,নেই অন্ধকার ,
বাগানে গাছের কোণে বসে আছে আলো মেখে মুখশ্রী সবার। 
পাখির কাকলি হোয়ে ভোরের বাতাস এসে বসে বারান্দায় ,
বৃষ্টির কালো মেঘ সে কোন ম্যাজিকে যেনো শাদা হোয়ে যায়। 

                    ...............................

No comments:

Post a Comment