একা চাঁদ বসে আছে ব্যাঁকা হোয়ে আকাশের ফ্রেমে -
ইচ্ছেটি বড়ই তার ,পূজো আসছে ,মর্ত্যে আসে নেমে।
সাতদিন ধরে নাকি কলকাতায় নৃত্য গীতে হবে আরাধনা ,
মা দূর্গা শক্তির মূর্তি ,সেটা একবার দেখে ,এ তার বাসনা।
ফুরফুরে হাওয়া দিচ্ছে ,হাওয়ায় কেমন যেন শীত শীত ভাব ,
শিশিরের দল এসে ঘাসের উপরে রাখে জলের কিংখাব।
এবারে কি আবহাওয়ায় অক্টোবারে এসে যাবে শীত -
এ সব ভাবতে ভাবতে চোখে তার নামে ঘুম ,হয়ে পড়ে চিত।
একা চাঁদ একা একা ,আকাশের জানালায় ভাবে এইসব ,
মর্ত্যের শহরে এই আশ্বিনের কাশফুলে পুজোর উত্সব।
সেই যেন কবে এলো আর্মস্ট্রং নামে এক মার্কিন মহাকাশচারী ,
শুধু একটু ছুঁয়ে দিয়ে ,ফিরে গেলো পৃথিবীতে - শূন্য -বিহারী।
তারপর সব ধূ ধূ - বড় বড় লোকে বলে বড় বড় কথা ,
চাঁদ তার সবই বোঝে - খবর ব্যবসার এই সব বাতুলতা।
তারপর থেকে শূন্যে একা একা বসে থাকে ভ্রমনের শেষে।
আর ভাবে কবে যাবে ,পূজো দেখবে আনন্দের বেশে।
চাঁদ বসে আছে একা ,দূরে ওই শূন্যের ঘোর অন্ধকারে ,
জোনাকির মত সব আলোর ফোয়ারা জ্বলে তার চারিধারে।
পূজোর সময় তার নেমে আসা হয় না যে ,সাধ থাকে সাধই -
শুধু তার প্রতিনিধি হয়ে ঘোরে ,পূজো দেখতে ,চাঁদমুখী যত আহ্লাদী।
.........................................
No comments:
Post a Comment