Wednesday, 15 July 2015

আমি যা দেখেছি সবই





আমি যা দেখেছি সবই  , কালের সিন্ধুর পাশে রেখে যেতে হবে ,
আমি যা গড়েছি সবই ধীরে ধীরে যাবে ক্ষয়ে অব্যক্ত নীরবে।
তুমি তো আমার কাছে ক্রাব -আপেলের গাছে বসে -থাকা
                                                               লাল কার্ডিনাল ,
দেরি হয়ে যাবে বলে যে শুধু অপেক্ষা করে ,
                                                 কবে হবে নির্মিত -সকাল।

ভোরের আলোর রূপে , ঘাসের শরীর -জুড়ে শুয়ে থাকা
                                                  এ অজানা নিবিড় জঙ্গল ,
মহানন্দে ওঠে নেচে ,যেন জীবনের মাটি তোমাকে অর্পণ করা
                                                                  মহার্ঘ্য অমল।
রোজকার ওঠা বসা ,ছোট ছোট ডাফোদিল ,ছোট ছোট
                                            ক্লোভারের ফুলে বসা মাছি ,
যেন বা চিত্কার করে বলে ওঠে - ওই দ্যাখো ,মালবেরিটির রূপে
                                            আমি পেকে কালো হয়ে আছি।   

শুধুই তোমাকে খুঁজি ,আকাশের অরণ্যের ভিতরে বাহিরে একা  ,
                                             দূর্ভেদ্য  কালো এক   অন্ধকার ঘরে ,
কিছুই যায় না দেখা ,শুধু মনে -হওয়া থাকে , শুধু থাকে অভিমান
                                                                রাখা থরে থরে।
শীতাতপনিয়ন্ত্রিত এ পরিবহন -সেবা ,সবই আছে আমাদের
                                                   জামার গভীর সব কোণে ,
বিষন্ন -খুচরোর মত ,কখনও ঝন ঝন করে , কখনো রবিন হয়ে
                                                               ডেকে ওঠে মনে।

সারারাত ধরে শুধু বৃষ্টিরা অশান্ত হয়ে ঝরে পড়বার খেলা
                                                              খেলে খেলে যায় ,
আমি তো দেখেছি সবই ,চোখের ও ফাঁক দিয়ে ,বয়ে -যাওয়া
                                                                 আনত হাওয়ায়।
তাই শুধু হেঁটে যাই ,থর্ন গেট পার হয়ে , ইস্কুল মাঠের শেষে ,
                                     যেখানে গরম চায়ে উঠে আসে ধোঁয়া ,
অভিমানহীন হয়ে ,পানের পিকের মত , ফেলে দিয়ে সুখ দুঃখ
                                                 তবেই তো যাবে শেষ যাওয়া।  

এইসব কথাগুলি যেন বা নৌকা হয়ে ,যেন বা ফেরির মত ভেসে যায়
                                                                  পোটোম্যাক ধরে ,
আর একটু এগিয়ে যাবো ,চোখের পর্দাখানি সবটুকু জুড়ে থাকবে
                                                   আজকের অলৌকিক ভোরে।
যেখানে বাসনা নেই ,যেখানে নিজের বলে কিছু নেই , শুধু এক
                                                      সৌরভে আনন্দে পথ চলা ,
শুধু শোনা সেই এক ,অসম্ভভ ছন্দ ভরা ,সুর শব্দ যা বলে চলেছে আজো
                                                            যতো কথা যা আছে না -বলা।

                    ...................................................


                                      

1 comment:

  1. Words of appreciation seem inadequate, this composition is so wonderful and brilliant. Please send it for some Pujo number and name it "Ek probasi bangalir prarthana - Amerikay tomake chaai."

    ReplyDelete