উনিশ শো আটানব্বই সালের এগারোই সেপ্টেম্বর মাসের সংবাদ পত্রে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার
প্রয়াণ সংবাদ প্রকাশিত হয়। সেই প্রয়াণ সংবাদের প্রেক্ষাপটে নিম্নলিখিত কবিতাটি লিখিত। অনেকদিন পূর্বের লেখা।
লেখার মধ্যে সংবেদনশীলতাই সবকিছু ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পছন্দ অপছন্দ পাঠকের ওপর নির্ভরশীল।
হয়েছে কি শেষ যতো প্রারব্ধ কাজ ,
নীলাকাশ থেকে এ কেমন করে সহসা পড়ল বাজ ?
জাহাজ ছেড়েছে ,শেষ হোয়েছে কি ,আমাদের সব পাওয়া ,
হাত নেড়ে তিনি মিলিয়ে গেলেন
হা ! আকিরা কুরোসাওয়া।
সাত সামুরাই ,রশোমন সহ কত ফিল্ম ,কত ছবি ,
চলচ্চিত্রে এই শতকের তিনি নামকরা কবি।
কবিরা সতত মিশে যান ভিড়ে ,চলে যান তাড়াতাড়ি।
শিক্ষক তিনি ,মহা গুরুজন - অশেষ যন্ত্রনারই।
ফলন এসেছে তাঁরই হাল দেওয়া জীবনের বাঁজা মাঠে -
তিনি যান ওই যন্ত্র জাহাজে - কালসিন্ধুর ঘাটে।
ঘন কুয়াশায় ওই দেখা যায় ,বেঁটে খাটো তাঁর দেহ ,
এখনই মিলাবে দৃষ্টি -অতীত - পড়ে আছে তাঁর স্নেহ ,
সেলুলয়েডের মহা রসায়নে , ক্যামেরার ভাস্কর্য ,
তাঁর ছোঁয়া যেন স্বর্ণের ছোঁয়া ,আবিশ্ব আশ্চর্য।
মনে হয় তবু ,হয়নি বোধহয় আমাদের সব পাওয়া
হাত নেড়ে তিনি চলে যান ধীরে ,
হা ! আকিরা কুরোসাওয়া।
...................................
No comments:
Post a Comment