ধরণী ধূলিতে নয় , ধরণী তো বুকের ভেতরে ,
রক্তের গভীরে ঘামে , ধরণী তো পাখা মেলে ওড়ে।
স্বপ্নের ভেতরে শূন্যে , আকাশের নীলিমা - বাগানে।
ধরণী ধূলিতে নয় , ধরণী তো শব্দে - মোড়া গানে।
দীর্ঘ গাছ দাঁড়িয়েছে সারি বেঁধে রাস্তার দুধারে মাথা উঁচু ,
জীবন বিহ্বল হয়ে হেঁটে যায় , আলো ভেবে , ও কালোর পিছু।
কৃষ্ণচূড়ার ফুল , সংগ্রাম মনে করে , ঝরে পড়ে মাঠে ঘাসে ঘাসে ,
ভেবেছে সে রক্তিমতা , একমাত্র পরিত্রাতা , গভীর আশ্বাসে।
ধূলি ওড়ে , ধূলি ওড়ে , ধরণীর ধমনীতে নদীর উচ্চ্বাস ,
শুধু তো প্লাবনে নয় , বাঁধা ঘাট ডুবে যায় যেন বারোমাস।
ভ্রান্তি ও ভুল অভিলাষে যেন আনে ডেকে শোকের আঘাত ,
জল ফোটে অবিরত , চাল ফোটে , বাড়া হয় ভাত।
ধরণী ধূলিতে নয় , ধরণী তো পাখা মেলে ওড়ে ,
ভেতরের অবকাশে , রক্তের গভীরে যেন শব্দের অক্ষরে।
ধ্বংসপ্রায় এ পৃথিবী , বীজের প্রসব হয়, ধরণীর ভিতে ,
কে কাকে ডেকেছে আজ , হাতের ইঙ্গিত দিয়ে ,বুকে টেনে নিতে।
-----------------------------------------
No comments:
Post a Comment