তুমি আছো , তাই এতো আলো মেখে এসেছে সকাল ,
এতো গন্ধ , এতো ছন্দ , অশোক বকুল নিম বট পিয়াশাল।
বুকের ভেতরে রাখা এতটা বরফ কবে গলে হবে জল ,
বারান্দায় এসো পাখি , নদী হোয়ে যাবে নাকি , প্রমত্ত তরল ?
আমার এ অনুভূতি , ভরায় তোমার শ্রুতি , হেঁটে যেতে চাই ,
তোমার সংসর্গে যাবো , যথা ইচ্ছা তথা খাবো , অরণ্য তরাই।
কত যে হরিণ - মন বাঘে খেলো অচেতন , দেখেছে ঝর্ণারা ,
এই দূর অবকাশে , কত ছবি স্মৃতি ভাসে , কত পথহারা।
সকলের হয়ে আছো , তাই তুমি চাল বাছো , সেদ্দ চালে ভাত ,
কে জানে কোথায় পাবো , কেন তুমি এতো ভাবো , নিঃসঙ্গ প্রভাত।
চলো যাই ইছামতি , নেই কোনো দাঁড়ি যতি ,শুধু বয়ে হাওয়া ,
এ যেন কি নেমন্তন্ন , খুঁজেছি তো তন্নতন্ন , যাবে সে কি পাওয়া ?
তুমি ঘোরো গেয়ে গান , বুকে এতো অভিমান , ঝরে পড়ে সুধা ,
ভিক্ষা চাও জনে জনে , তোমার কি পড়ে মনে , এ যেন কি ক্ষুধা।
শিরা দিয়ে যায় হেঁটে , কখনও সাঁতার কেটে , ফোটে ঊজ্জ্বলতা ,
চলো গিয়ে বসি মাঠে , সময় যদি না কাটে , জমে আছে কথা।
এতো শব্দ , এতো বর্ণ , এতো পুষ্প , এতো পর্ণ , সবই তো তোমার ,
বাগান তো আছে ভরে , ঝরা পাতাগুলি পোড়ে , আগাছার ভার।
ঘুরে ঘুরে ওঠে ধোঁয়া , মনে পড়ে বীজ রোঁয়া , লকলকে ধান ,
চারিদিক ভরে তাই , কি যে চাই , কি হারাই , পূর্ণ হয় প্রাণ।
-------------------------------------
No comments:
Post a Comment