বিপ্লব , বিপ্লব বলে ডেকেছি অনেকদিন , বিপ্লব আসেনি ,
পাথর ভেঙেছি বহু , পাখি হোয়ে গান গেয়ে বলেছি আমি তো তাকে চিনি।
বিপ্লব আসেনি তবু , রৌদ্রে পোড়া দগ্ধ মাঠে , উড়েছে পতাকা ,
বিপ্লব আসেনি তবু , নিদ্রাহীন রাত্রি জুড়ে জেগে থাকে চোখ , ঘুমে -ঢাকা।
বিপ্লব তো ট্যাক্সি নয় - ডাকলেই আসবে চলে কাছে তৎক্ষণাৎ ,
বিপ্লব তো নয় বাজ , নীল মেঘে ডেকে উঠবে হঠাৎ হঠাৎ।
বিপ্লব তো জেগে ওঠা , নদীটির রোগা -দেহে নিয়ে আসা বান ,
মুহূর্তে মুহূর্তে বাড়া , কিছু নেই শুদ্ধ ছাড়া , আর সবই ম্লান।
অন্ধকার ভেঙে ফেললে , দেখো মাঠে পড়ে আছে আলোর বাগান ,
নবান্নে ধানের শীষ , দুধে -মাখা অহর্নিশ , সবাই তো বিপ্লব -সন্তান।
বীজ থেকে ওঠা চারা ,ভেঙে ফেলে অন্ধকারা , হোয়ে ওঠে গাছ ,
চারিদিকে একই সুরে ,প্রাণ নাচে অন্তঃপুরে ,চারিদিকে উৎসবের সাজ।
বিপ্লব , বিপ্লব বলে ডাকলেও , তাজা থাকে , বিপ্লব পুরোনো হয়না ,
বুকের ভেতরে যেন বন্যা হয় ,ঢাকের সঙ্গতে বাজে বুকের গয়না।
বিপ্লব সাজাতে হয় , বিপ্লব বাজাতে হয় , প্রতি কোণে অণু পরমাণু ,
সূর্যোদয়ে ভোর হয় , আলোর প্রবাহময় , আপনা হোতে হই নতজানু।
..................................................
No comments:
Post a Comment