আমার সকালগুলো মেশে এসে বিকেলের রোদে ,
সন্ধ্যা আসার আগে ,ঢেকে নেয় নিজেকে গরদ-এ।
প্রতীক্ষায় নেই আর , এ সময় হেঁটে করি পার ,
কর্ম এসে হাত ধরে বিশ্রামের , ভ্রুকুটির ধার
সহজে তাচ্ছিল্য কোরে হেঁটে যায় , যেখানে জীবন
অস্তিকে শেখায় প্রেম , প্রাণের উপরে রেখে পণ।
শাখা প্রশাখার ফাঁকে আলো এসে জ্বেলে দেয় স্মৃতি ,
পায়ে চলা পথ নয় , এ যে এক বিস্তৃত প্রতীতি।
জীবন তো যুদ্ধ নয় , এ তো প্রেম , এ তো ভালোবাসা ,
প্রচন্ড উষ্ণতায় এ যে এক প্রস্রবণ , মেটায় পিপাশা।
সারি সারি বৃক্ষ মাটি পশু পাখি কীট ও আবহাওয়া ,
এই নিয়ে থাকি বেঁচে , নদীর মতন নেচে, সমুদ্রকে পাওয়া।
বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে ,ভাঙে বালিয়াড়ি ,
আমি তো আবর্ত শুধু , ঘুরেই মিলিয়ে যাই ,অন্ধের দিশারী -
তুমি তো জলেই আছো , যেমন বাতাসে আছো , প্রাণ ,
আমার সকালগুলো তোমাকেই জানে শুধু , জ্ঞানে অজ্ঞানে।
.........................................
No comments:
Post a Comment