জোনাকির আলো হয়ে অন্ধকার এসেছে ,
দূরের পাহাড় দেখে রাত্রিতে তাই মনে হয়।
স্টেডিয়ামের বিকালে গোল হয় ফুটবলের ,
গৌহাটির রাস্তায় রাস্তায় পড়ে থাকে মানুষের মন।
রুমাল উড়ছে বোম- থেকে-ওড়া পায়রার মতো ,
পৈতের নটি দণ্ডি থেকে ওড়ে বিদ্যুতের ঝড়।
পল্টনবাজার আমাকে যেমন ভালোবাসে ,উলুবাড়িও ,
আমি ব্রম্হপুত্র নদী হোয়ে ভেসে যাচ্ছি বঙ্গোপসাগরে।
নিমের কচি চারা আর কুকুর -শাবকের মধ্যে কোনো তফাৎ নেই ,
দুজনকেই গাল টিপে আদর করতে ইচ্ছে করে।
আমি তো ট্রেন নয় ,আজকাল বিদ্যুতের সওয়ারী ,
রবিবারের সকালে খাই দৈ কচুরী বিনা তরকারী।
জোনাকির আলো হয়ে অন্ধকার এসেছে ঘন হয়ে ,
আমাকে জড়িয়ে ধরতে চায় চারিদিকের বনবাদার।
আমি পথ হয়ে হেঁটে যাচ্ছি অমল ধবল মাঠ পেরিয়ে ,
আমি দৃষ্টি হয়ে দেখছি হেঁটে যাচ্ছে সুশৃংখল পিপিলিকা -সারি।

No comments:
Post a Comment