বছর কাটিয়ে নতুন বছরে রেখেছি আমার পা ,
আর একটু বুড়ো হয়েছি কি আমি তাই ?
বিগত গ্রীষ্মে ,গরমে ও ঘামে ,জ্বলে গিয়েছিলো গা ,
মনে হয়েছিলো শীতের ঠান্ডা ঠিক যেন পাগলামি।
বেশিদিন নয় ,একটু পিছনে ,এমন সময়ও ছিলো ,
জীবনটা ছিলো কাঁচা -বোমফাটা উত্তেজনায় ভরা।
আজকে যখন হাঁটুর কাছটা ব্যাথা ব্যাথা করছিলো ,
বুঝতে পেরেছি ,অতীতটা ছিলো কি রম্য মনোহরা।
হামেশা যেতাম লাগিয়ে আতর ,বিবাহের উত্সবে ,
ফুটবল ম্যাচে হতাম ব্যস্ত ,দুপুরে নিমন্ত্রণে।
এখনও তো যাই ,মরনোত্তর সভার আর্তরবে ,
কাঁচু মাচু মুখে ,মৃত -আত্মার শান্তি কামনা মনে।
কিছুদিন আগে উদ্দাম ছিলো গেট টুগেদার গুলো ,
জমায়েত্গুলো সবগুলো ছিলো বড় শৃঙ্খলাহীন।
মনের ভিতরে দাঁত বের কোরে হাঁসত কেবল হুলো ,
বুকের ভিতরে বসন্ত হতো ফুলের রঙে রঙিন।
এখন তো ব্যাথা ,কোমরে ,কাঁধে ও পিঠে ,
হাঁফ ধরে যায় চার তলা ফ্লাটে হাঁটতে হাঁটতে সিঁড়ি।
শুধু মনে হয় বসে থাকি একা - বিশ্রাম কি যে মিঠে !
দূরে পায়রার ঢলা ঢলিগুলো মনে হয় বিচ্ছিরি।
বসে আছি একা সব ছেড়ে ছুড়ে ,জল ও ওষুধ কাছে ,
দূরে শোনা যায় বাসের শব্দ ,টিভি পর্দার গান ,
চাই না তো আমি বুড়ো হোতে ,তাই বুড়ো হোয়ে যাই পাছে ,
তাই ভেবে মনে , হই কচি কাচা ,কবিতায় দিই প্রাণ।
কবিতা কি দেবে তোমার আবেশ ,তোমার মুখচ্ছবি ,
কবিতা কি দেবে ফেলে -আসা -রোদে ,বাদাম ভাঙার স্বাদ ?
মনে মনে হাঁটি ,দ্রুত আপ্লুত , লক্ষ লক্ষ কবি ,
আমার বুকের মাঠে দাঁড়িয়েছে ,মনে সে কি আহ্লাদ।
...................................
No comments:
Post a Comment